ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানো হবে না, বরং কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, গত ১৭ বছরে দেশে গুম, খুন ও নির্যাতনের যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর জবাব শেখ হাসিনাকে দিতে হবে। জনগণের কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আবদুস সালাম।
নড়াইলের কালিয়া উপজেলা জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী সহিংসতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে আবদুস সালাম বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন। তিনি ফিরতে চাইলে কোনো বাধা নেই। তবে তাঁর প্রত্যাবর্তন হতে হবে বিচারের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিয়ে। সীমান্তে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে হেফাজতে নিয়ে কারাগারে পাঠাবে বলেও মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানানোর কথাও উল্লেখ করেন।
শেখ হাসিনার শাসনামলে গুম, খুন, নির্যাতন এবং অর্থনৈতিক ক্ষতির অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, এসব ঘটনার জন্য তাঁকে জবাবদিহি করতে হবে। যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদের কাছে জবাব দেওয়ার দায়িত্বও তাঁর রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আবদুস সালাম। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
এ সময় আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানো এবং দলটির কার্যক্রমের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। দেশের অস্থিতিশীলতা তৈরির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন বিএনপির এই নেতা।
আবদুস সালাম আরও অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের নির্দেশনায় অর্থের বিনিময়ে বিভিন্ন স্থানে বোমাবাজি ও সহিংসতা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের চ্যালেঞ্জ জানান তিনি। একই সঙ্গে জানান, ডিসেম্বরজুড়ে বিএনপির বিভিন্ন কর্মসূচি থাকবে।
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এজে