বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ফকিহ মুফতি মুহাম্মদ তাকি উসমানির পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর আপাতত হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় তার এক সপ্তাহের সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সফর আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।
তিনি জানান, পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সফর স্থগিতের বিষয়টি মুফতি তাকি উসমানিকে জানানো হয়। পরে তিনি বাংলাদেশে সফর আয়োজনের সমন্বয়কের দায়িত্বে থাকা মুফতি মিজানুর রহমান সাঈদকে বিষয়টি অবহিত করেন।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান সাঈদ বলেন, সফরের জন্য ভিসা, বিমানের টিকিট ও হোটেল বুকিংসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র না পাওয়ায় নির্ধারিত সময়ে সফরটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, সরকার প্রয়োজনীয় অনুমতি দিলে এখনো মুফতি তাকি উসমানির বাংলাদেশে আসার সুযোগ রয়েছে। তাই সফরটি পুরোপুরি বাতিল না হয়ে আপাতত স্থগিত রয়েছে।
সংবাদ সম্মেলনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামি স্কলার। তিনি হাদিস, ইসলামি ফিকহ, তাফসির, তাসাউফ ও ইসলামি অর্থনীতিতে বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত। বিখ্যাত তাফসিরগ্রন্থ ‘মাআরিফুল কোরআন’-এর রচয়িতা মুফতি মুহাম্মদ শফি উসমানির ছেলে তিনি।
কর্মজীবনে পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালত এবং সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চে বিচারকের দায়িত্ব পালন করেছেন তাকি উসমানি। ইসলামি আইন ও অর্থনীতিবিষয়ক তার লেখা বিভিন্ন গ্রন্থ বিশ্বের নানা ভাষায় অনূদিত হয়েছে।
সদ্য সংবাদ/এজে