গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির পর জেলার নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে আইজিপি গোপালগঞ্জে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সফরে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করার কথা রয়েছে তাঁদের। পাশাপাশি জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায়ও অংশ নেবেন তিন বাহিনীর এই শীর্ষ কর্মকর্তা।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান তাঁদের গোপালগঞ্জ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সহিংসতার পর জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সদ্য সংবাদ/এজে