শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী ও শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ নভেম্বর) অভিযান চালিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) তাঁদের আটক করে।
বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ছয় ভারতীয় নাগরিককে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরবর্তী সময়ে ভারতে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তাঁরা পুনরায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন।
আটক ব্যক্তিরা হলেন আবিদ মুক্তি (২৬), পিতা মঞ্জু মুক্তি; আনোয়ারা (২০), পিতা আনাকুল; নুরজাহান খাতুন, পিতা শেখ রাজা এবং তিন শিশু। শিশুদের মধ্যে রয়েছে আকিব, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)।
আটক ব্যক্তিদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার ডানকুনি পোস্ট অফিস এলাকার মনুহারপুর মল্লিকপাড়ায়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/ এরআর