‘বিএনপি ক্ষমতায় এসেছে বলেই আমি উপাচার্য হয়েছি। এটা লুকানোর কিছু আছে? অনেক সুশীল লোকজন তো ছিল।’—এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপাচার্য আরও বলেন, ‘৫ আগস্টের পর আমরা দেখেছি, তাঁদের পরিচয় কী এবং কাজ কী। এখানে লুকানোর কিছু নেই। মানুষের পরিচয় ও আত্মপরিচয় লুকানোর কিছু নেই। অবশ্যই আমার একটি পরিচয় আছে। আমি আওয়ামী লীগের সেই জুলুম সহ্য করেছি।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য কেন দোয়া করা উচিত, সে বিষয়ে উপাচার্য বলেন, ‘আপনি যদি এই দেশকে ভালোবাসেন, দেশের নাগরিক হয়ে থাকেন এবং দেশকে সত্যিকার অর্থে অন্তরে ধারণ করেন, তাহলে বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আপনাকে দোয়া করতে হবে।’
তিনি বলেন, ‘বিগত ১৫-১৬ বছর আমরা যারা আজ এখানে বসে আছি, বাংলাদেশের কোন শ্রেণির নাগরিক—তা নিজেরাও বুঝতে পারিনি। আমাদের বাক্স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা ও মানুষ হিসেবে বেঁচে থাকার স্বাধীনতা ছিল না। এ কারণে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হয়েছে। ছাত্র-জনতা তা প্রতিরোধ করেছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ১৫-১৬ বছরের জালিমদের হাত থেকে মুক্তি দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন এবং দেশের সুখ-সমৃদ্ধি ও উন্নতি প্রত্যাশা করেন, তাহলে নিজেদের স্বার্থেই বর্তমান প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতে হবে।’
দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে উপাচার্য বলেন, ‘গত দুই বছর অনেকেই নির্বিঘ্নে দেশে বসবাস করেছেন। কিন্তু বিগত কিছুদিন ধরে আমরা যে নৈরাজ্য দেখছি, তা উদ্বেগজনক। নড়াইলে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, হাসপাতালে অগ্নিসংযোগ করা হচ্ছে। গতকাল রাতেও কারাগারে হামলার চেষ্টা করা হয়েছে।’
তিনি বলেন, ‘১৫-১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি যেন বাংলাদেশে আর কারও মাধ্যমে না হয়, সে জন্য সুনাগরিকদের রুখে দাঁড়ানো ও প্রতিবাদ করা উচিত। আমাদের এই দেশকে ধারণ করে যিনি নেতৃত্ব দিচ্ছেন এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, আজ তাঁর জন্মদিন। দেশের স্বার্থে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব বলে আমি মনে করি। এর কোনো বিকল্প নেই।’
সদ্য সংবাদ/ এরআর