শীতের সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জলাশয়গুলোর পাশে দাঁড়ালে দেখা মেলে নানা প্রজাতির পাখির। কোথাও পাখির দল পানিতে ভেসে বেড়ায়, কোথাও জলজ উদ্ভিদের ফাঁকে খাবার খোঁজে। তবে সব জলাশয়ের চিত্র এক নয়। কোথাও পাখির উপস্থিতি চোখে পড়ার মতো, আবার কোথাও তাদের দেখাই মেলে না।
অথচ একসময় শীত এলেই বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠত। সময়ের সঙ্গে বদলে গেছে সেই পরিচিত দৃশ্য। পাখি আসছে ঠিকই, তবে আগের মতো বড় সমাগম আর দেখা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ের বর্তমান চিত্রে এই পরিবর্তনের নানা দিক উঠে এসেছে। কোথাও গাছ কাটার পর মাটি জমে বদলে গেছে জলাশয়ের স্বাভাবিক পরিবেশ। কোথাও আবার জলজ উদ্ভিদ ও ছোট মাছের উপস্থিতি পাখিদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। অন্যদিকে মানুষের চলাচল, মাছ চাষসহ নানা কর্মকাণ্ডের প্রভাবও পড়ছে পাখির বিচরণে। ফলে একই ক্যাম্পাসের একেক জলাশয়ে পাখির উপস্থিতি এখন একেক রকম।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেনের পর্যবেক্ষণেও পাখির সংখ্যা কমে আসার বিষয়টি উঠে এসেছে। তিনি জানান, প্রায় ১০ বছর আগে শীত মৌসুমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঁচ থেকে সাত হাজার পাখি দেখা যেত। বর্তমানে সেই সংখ্যা কমে দুই থেকে তিন হাজারে নেমে এসেছে। তাঁর মতে, নগরায়ণ ও ক্যাম্পাসের পরিবেশগত পরিবর্তন পাখির সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ।
এক জলাশয়ের চিত্র আরেক রকম
বিশ্ববিদ্যালয়ের সব জলাশয়ে পাখির উপস্থিতি সমানভাবে কমেনি। কোথাও জলাশয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ায় পাখির বিচরণ কমেছে, আবার কোথাও পরিবেশের পরিবর্তনে নতুন করে পাখি আসার সুযোগ তৈরি হয়েছে। পাখি পর্যবেক্ষক ও আলোকচিত্রী অরিত্র সাত্তারের পর্যবেক্ষণে এমন কয়েকটি জলাশয়ের ভিন্ন চিত্র পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনসংলগ্ন জলাশয়ের কথা উল্লেখ করে অরিত্র সাত্তার জানান, সেখানে গাছ কাটার পর মাটি ধীরে ধীরে জলাশয়ে জমেছে। এতে জলাশয়টির স্বাভাবিক পরিবেশ বদলে গেছে। বর্তমানে সেখানে পাখির উপস্থিতি প্রায় নেই বললেই চলে। একসময় পাখিদের বিচরণের উপযোগী যে পরিবেশ ছিল, পরিবর্তনের পর তা অনেকটাই হারিয়ে গেছে।
তবে পরিবহন এলাকার জলাশয়ের চিত্র কিছুটা ভিন্ন। অরিত্রের উদ্যোগে সেখানে ‘ওয়েভ ব্রেকার’ স্থাপনের পর জলাশয়ে জলজ উদ্ভিদের উপস্থিতি বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ছোট মাছের সংখ্যাও। এতে মাছরাঙাসহ বিভিন্ন প্রজাতির পাখির বিচরণ দেখা যাচ্ছে। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, জলাশয়টিতে প্রায় ১০০ থেকে ৩৫০টি পরিযায়ী পাখির উপস্থিতি দেখা গেছে। প্রায় তিন বছর পর গত নভেম্বরে সেখানে আবারও পাখির আগমন লক্ষ করা যায়।
একই ক্যাম্পাসের দুটি জলাশয়ের বিপরীত চিত্র থেকে বোঝা যায়, পাখির উপস্থিতির সঙ্গে জলাশয়ের পরিবেশের সরাসরি সম্পর্ক রয়েছে। খাবারের প্রাপ্যতা, জলজ উদ্ভিদ এবং নিরাপদে অবস্থানের সুযোগ পেলে জলাশয় পাখিদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। বিপরীতে এসব পরিবেশের পরিবর্তন ঘটলে পাখিরা সেই জলাশয় এড়িয়ে চলতে পারে।
মনপুরা লেকেও বদলেছে পাখির বিচরণ
বিশ্ববিদ্যালয়ের মনপুরা লেকেও পাখির উপস্থিতিতে পরিবর্তন এসেছে। অরিত্র সাত্তারের পর্যবেক্ষণ অনুযায়ী, সেখানে কচুরিপানার বিস্তার ও মাছ চাষের কারণে পাখির বিচরণ কমেছে। জলাশয়ের স্বাভাবিক পরিবেশে পরিবর্তন আসায় পাখিদের খাবার সংগ্রহ ও অবস্থানের জায়গাও প্রভাবিত হচ্ছে।
পাখিদের জন্য একটি জলাশয় কেবল পানির আধার নয়। জলজ উদ্ভিদ, ছোট মাছ, জলজ পোকামাকড় এবং নিরাপদে বিশ্রাম নেওয়ার জায়গা—সবকিছু মিলিয়েই তৈরি হয় তাদের আবাসস্থল। এসব উপাদানের কোনো একটিতে পরিবর্তন এলেও পাখিদের খাবার সংগ্রহ ও বিচরণের ওপর প্রভাব পড়তে পারে। তাই জলাশয়ে পানি থাকলেই সেটি পাখিদের জন্য উপযোগী হয়ে ওঠে না।
মানুষের উপস্থিতিও প্রভাব ফেলছে
জলাশয়ের পরিবেশের পাশাপাশি মানুষের উপস্থিতিও পাখিদের অবস্থানের ওপর প্রভাব ফেলে বলে মনে করেন অধ্যাপক মনোয়ার হোসেন। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, যেসব জলাশয়ে মানুষের সমাগম বেশি, সেখানে পাখিরা বেশিক্ষণ অবস্থান করতে চায় না। অন্যদিকে মানুষের চলাচল তুলনামূলক কম থাকায় বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার (ডব্লিউআরসি) সংলগ্ন জলাশয়ে পাখির উপস্থিতি বেশি দেখা যায়।
শীত মৌসুমে পাখি দেখতে জলাশয়ের পাশে ভিড় করেন শিক্ষার্থী, দর্শনার্থী ও আলোকচিত্রীরা। পাখির কাছাকাছি গিয়ে ছবি তোলা কিংবা তাদের গতিবিধি দেখার আগ্রহ থেকে অনেকেই জলাশয়ের পাড়ে জড়ো হন। তবে পাখির স্বাভাবিক বিচরণ ও বিশ্রামের জন্য নিরিবিলি পরিবেশ প্রয়োজন। মানুষের অতিরিক্ত উপস্থিতিতে তারা বিরক্ত হতে পারে এবং নিরাপদ মনে না করলে অন্য জায়গায় চলে যেতে পারে। ফলে কোনো জলাশয়ে পর্যাপ্ত খাবার থাকলেও নির্বিঘ্নে থাকার পরিবেশ না থাকলে সেখানে পাখির অবস্থান দীর্ঘস্থায়ী নাও হতে পারে।
জলাশয়ের পরিবেশ ঠিক রাখার ক্ষেত্রে নিয়মিত পরিচর্যার ঘাটতিকেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন অধ্যাপক মনোয়ার হোসেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের লেকগুলো জুন-জুলাই মাসে পরিষ্কার ও সংস্কার করার কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে তা অক্টোবর মাসে করা হয়। এতে শীতের পাখি আসার আগে জলাশয়ের পরিবেশ প্রস্তুত করার সময় কমে যায়। তাঁর মতে, নির্ধারিত সময়ে জলাশয় পরিষ্কার ও সংস্কার, বর্জ্য ও দূষণ নিয়ন্ত্রণ এবং নিয়মিত নজরদারি প্রয়োজন। পাশাপাশি জলাশয় ইজারা দেওয়া বন্ধ রাখার বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন।
শুধু পাখির সংখ্যা নয়, নজর রাখতে হবে জলাশয়েও
অরিত্র সাত্তারের পর্যবেক্ষণে পরিবহন এলাকার জলাশয়ে পাখির ফিরে আসার চিত্র যেমন উঠে এসেছে, তেমনি রেজিস্ট্রার ভবনসংলগ্ন জলাশয়ের পরিবর্তন পাখির আবাসস্থল হারানোর দিকটিও সামনে এনেছে। মনপুরা লেকের পরিস্থিতিও দেখাচ্ছে, জলাশয়ের ভেতরের পরিবেশে পরিবর্তন এলে পাখির বিচরণে তার প্রভাব পড়ে।
অধ্যাপক মনোয়ার হোসেনের দেওয়া পরিসংখ্যান বলছে, এক দশকের বেশি সময়ের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এই পরিবর্তনের কারণ ও ধরন বুঝতে জলাশয়ভিত্তিক পর্যবেক্ষণ জরুরি। একই সঙ্গে পাখির আবাসস্থল, খাবারের প্রাপ্যতা এবং মানুষের উপস্থিতির বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে।
পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করতে গত ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ দূরত্ব থেকে পাখি পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং ও মাছ ধরা নিষিদ্ধ করা হয়। এ ছাড়া জলাশয়ের আশপাশে ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেওয়া কিংবা অন্য কোনোভাবে উচ্চ শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকতে বলা হয়। পাখিদের ভয় দেখানো এবং জলাশয়ে প্লাস্টিকের বোতল ও পলিথিন ফেলতেও নিষেধ করা হয়।
সদ্য সংবাদ/ এরআর