কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি মোকাবিলার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও এ ধরনের কর্মসূচি প্রতিহত করার দায়িত্ব রাষ্ট্রের। সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে তখন বিরোধী দলের সহযোগিতা চাইতে পারে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আওয়ামী লীগের আন্দোলন মূলত সরকারের বিরুদ্ধে। কারণ, দলটির নেতাকর্মীরা রাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা করেই কর্মসূচি পালন করছেন। ফলে এ পরিস্থিতি মোকাবিলায় সরকারেরই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। আইন প্রয়োগের দায়িত্ব বিরোধী দলের হাতে দেওয়ার কোনো সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।
তবে বিরোধী দল হিসেবে ছাত্রশিবিরও নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে জানান সংগঠনটির সভাপতি। তাঁর ভাষ্য, বিভিন্ন ক্যাম্পাসে মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচির মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হচ্ছে।
সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল সহযোগিতায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অতীতেও রাজপথে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করেছেন তাঁরা। প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়ার সক্ষমতা তাঁদের রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী। সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুর গফুর এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদসহ শিক্ষক ও অতিথিরা।
সদ্য সংবাদ/এজে