ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আবেদন সম্পর্কে হালনাগাদ তথ্য চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। এ-সংক্রান্ত চিঠির সঙ্গে শেখ হাসিনার একটি প্রত্যয়নপত্রও পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠিটি পাঠান প্রতিষ্ঠানটির ব্যারিস্টার স্টিফেন পাউলেস। এতে শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করার অনুমোদন নিশ্চিত করার পাশাপাশি তাঁর পাসপোর্ট ও এনআইডির আবেদনের বর্তমান অবস্থা জানতে চাওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ৯ নভেম্বর পাঠানো আগের চিঠির পরিপ্রেক্ষিতে নতুন করে তথ্য চাওয়া হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন হাইকমিশনে পৌঁছেছে বলে জানতে পেরেছে প্রতিষ্ঠানটি। তবে তাঁর পক্ষে আইনি বা আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করার বিষয়ে হাইকমিশনের নিশ্চিতকরণ প্রয়োজন বলে জানানো হয়েছে।
এ জন্য শেখ হাসিনার পক্ষ থেকে কাজ করার অনুমতি-সংক্রান্ত একটি স্বাক্ষরিত নথি চিঠির সঙ্গে যুক্ত করে দ্রুত জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তবে সংযুক্ত প্রত্যয়নপত্রে থাকা শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন সরকারি নথিতে তাঁর ব্যবহৃত স্বাক্ষরের সঙ্গে নতুন প্রত্যয়নপত্রের স্বাক্ষরের দৃশ্যমান পার্থক্য রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তুলনা করলে দুই স্বাক্ষরের মধ্যে অমিল চোখে পড়ে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা স্বাক্ষরের সত্যতা যাচাইয়ের তথ্য পাওয়া যায়নি। ফলে স্বাক্ষরের এই পার্থক্যের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
সদ্য সংবাদ/এজে