মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের বাধ্যবাধকতা বাস্তবায়নে সময় বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কাজ করার সুযোগ পাবেন মোটরসাইকেল মালিকেরা। আগে এ জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।
বুধবার (১১ নভেম্বর) সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বর্ধিত সময়সীমার কথা জানানো হয়।
বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও রেজিস্ট্রেশন নম্বর দৃশ্যমান রাখা বাধ্যতামূলক। এ নিয়ম কার্যকর করতে মালিকদের নিজ উদ্যোগে নির্ধারিত মান অনুসরণ করে সামনের নম্বরপ্লেট লাগাতে হবে।
নম্বরপ্লেটের আকারের ক্ষেত্রেও আলাদা নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। স্কুটারের জন্য প্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। দুই ধরনের প্লেটেই বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
প্লেট তৈরিতে ব্যবহার করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম। এর ওপর সাদা পটভূমিতে কালো রঙে বাংলায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। নম্বরপ্লেটে বাড়তি নকশা কিংবা সৌন্দর্যবর্ধক কোনো উপাদান ব্যবহারের অনুমতি নেই।
এ ছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে অনুভূমিকভাবে লিখতে হবে। উদাহরণ হিসেবে বিজ্ঞপ্তিতে ‘ঢাকা মেট্রো-ল-১১-১১২৬’ নম্বরটি উল্লেখ করা হয়েছে।
নির্ধারিত নিয়ম মেনে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট সংযোজনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।
সদ্য সংবাদ/এজে