সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইটের পর এবার দাম্মাম রুটেও সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় সোমবারের নির্ধারিত ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিমানের সূচি অনুযায়ী, সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে বিজি-৩৪৯ ফ্লাইটটির যাত্রা করার কথা ছিল। তবে নিরাপত্তার কারণে সেটি পরিচালনা করা হচ্ছে না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দাম্মাম রুটে ফ্লাইট চলবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত এবং ফ্লাইটের নতুন সময়সূচি সম্পর্কে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে হালনাগাদ তথ্য দেওয়া হবে।
এর আগে নিরাপত্তাজনিত কারণে রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল বিমান। একই রুটে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
পরপর দুটি সৌদি গন্তব্যে ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা তৈরি হওয়ায় সংশ্লিষ্ট যাত্রীদের যাত্রার আগে বিমান সংস্থাগুলোর সর্বশেষ নির্দেশনা ও সময়সূচি যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস