রমজানকে সামনে রেখে দেশে প্রয়োজনীয় পরিমাণ ভোগ্যপণ্য আমদানির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ফলে পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের আয়োজনে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানির দাম বাড়া বর্তমান বৈশ্বিক বাস্তবতার অংশ। এর প্রভাব বিভিন্ন ভোগ্যপণ্যের মূল্যেও পড়েছে। তবে বাজার স্থিতিশীল রাখতে সরকার আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে।
মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তাঁদের উত্থাপিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীরা প্রতিশ্রুতিবদ্ধ। গুরুত্বপূর্ণ পণ্যগুলোর সরবরাহ ও বাজারদর পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এ জন্য আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করবে চেম্বার।
তিনি বলেন, ‘আমরা প্রতি ১৫ দিন পরপর আপনাদের সঙ্গে বসব। কে কী আমদানি করছে, তা আমরা জানি, কারণ, আমরা উন্মুক্ত বাজারে আছি। কোনো পণ্যের সরবরাহ ঘাটতির আশঙ্কা দেখা দিলে তা মোকাবিলায় আমরা ব্যবস্থা নেব।’
চেম্বার সভাপতি আরও জানান, ডাল, চাল, ছোলা, গম, সয়াবিন তেল, পাম তেল ও চিনির সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীরা সরকারকে সহযোগিতা করবেন। সভায় চট্টগ্রামের অন্যান্য ব্যবসায়ী নেতারাও বক্তব্য দেন।
সদ্য সংবাদ/ এআর