সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তায়বাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টার প্রতি ঢাকার পূর্ণ সমর্থনের কথা জানানো হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান তুলে ধরে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মদিনার মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা ইসলামের পবিত্রতম স্থানগুলোর মর্যাদা ও পবিত্রতার ওপর গুরুতর আঘাত।
বাংলাদেশ সরকার বলেছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির নেওয়া উদ্যোগের প্রতি বাংলাদেশ পূর্ণ সংহতি প্রকাশ করছে।
একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে- এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করেছে ঢাকা। এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলেও বাংলাদেশের অবস্থানে গুরুত্ব দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসকে