নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে ইমাম-মুয়াজ্জিনদের কৃষিকাজে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ লক্ষ্যে তাদের আধুনিক কৃষি পদ্ধতি, বিষমুক্ত খাদ্য উৎপাদন ও বছরজুড়ে কৃষিকাজের বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশের প্রায় প্রতিটি গ্রামেই মসজিদ রয়েছে। এসব মসজিদের সঙ্গে যুক্ত ইমাম ও মুয়াজ্জিনরা নিয়মিতভাবে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। তাই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে তাদের প্রশিক্ষিত করা গেলে তারা নিজেদের পাশাপাশি সমাজের অন্য মানুষকেও এ বিষয়ে সচেতন করতে পারবেন।
তিনি বলেন, আধুনিক কৃষির সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনদের যুক্ত করা হলে একদিকে তারা কৃষি কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন, অন্যদিকে নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখতে পারবেন।
কী বিষয়ে দেওয়া হবে প্রশিক্ষণ
কৃষিমন্ত্রী জানান, প্রশিক্ষণে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং বছরব্যাপী কৃষি উৎপাদনের বিভিন্ন পদ্ধতি গুরুত্ব পাবে।
তিনি কৃষিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমানোর ওপরও গুরুত্বারোপ করেন। তার ভাষ্য, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার দিকে যেতে হবে।
মন্ত্রী বলেন, একসময় কৃষকেরা রাসায়নিক উপকরণের ব্যবহার ছাড়াই বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতেন। সেই অভিজ্ঞতার সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তির সমন্বয় করে নিরাপদ ও টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
কৃষি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের কথা
কৃষিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন ও কৃষি ব্লকে কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উৎপাদন পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন।
এর সঙ্গে স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্পৃক্ত করা গেলে নিরাপদ খাদ্য উৎপাদন এবং আধুনিক কৃষি সম্পর্কে সচেতনতার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করেন তিনি।
অনুষ্ঠান শেষে তৃতীয় হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী হাফেজ শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও স্মারক তুলে দেন কৃষিমন্ত্রী।
সদ্য সংবাদ/এসকে