আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
সভায় প্রতিমন্ত্রী বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দ করা অনুদান পূজা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন পূজামণ্ডপে যথাযথভাবে পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, এবার দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। ফলে প্রতিমা বিসর্জনসহ পূজার বিভিন্ন পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আজান ও নামাজের সময় পূজামণ্ডপে প্রয়োজনীয় নীরবতা বজায় রাখার পাশাপাশি অন্য ধর্মের বিশ্বাস ও উপাস্যকে নিয়ে অবমাননাকর বক্তব্য না দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটি আড়াল না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে হবে। অপরাধীর পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার ওপরও তিনি জোর দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়েও সভায় সতর্ক করা হয়। পুরোনো ছবি, ভিডিও কিংবা সম্পাদিত কোনো ঘটনার মাধ্যমে নতুন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হলে তা দ্রুত যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তরুণদের সঠিক তথ্য প্রচার এবং গুজব প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কল্যাণ ট্রাস্ট ও পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক সমন্বয় জোরদার এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সদ্য সংবাদ/এসএস