১৯৭১ ও ২০২৪ সালের আন্দোলনে পরাজিত রাজনৈতিক শক্তিগুলো বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি দাবি করেন, এই দুই পক্ষের মধ্যে রাজনৈতিক ঐক্য তৈরি হয়ে সরকারবিরোধী তৎপরতা চলছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারের মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, একাত্তরের পরাজিত শক্তির বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে সমস্যা রয়েছে। একইভাবে ২০২৪ সালের পরাজিত শক্তিরও দেশের গণতন্ত্রে বিশ্বাস করতে কষ্ট হয় বলে তিনি মনে করেন।
দুই পক্ষের রাজনৈতিক সমন্বয়ের দাবি তুলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের ঐক্য বিভিন্ন সময়ে দেখা গেছে। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে মাত্র সাত মাস বয়সী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এবং এ ক্ষেত্রে ওই দুই পক্ষ আবারও সক্রিয় হয়েছে।
এ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব রাজনৈতিক শক্তিকে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
কুষ্টিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া অঞ্চলে বিএনপি আশানুরূপ ফল করতে পারেনি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে কুষ্টিয়ায় বিএনপির হারানো রাজনৈতিক অবস্থান ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।
সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও বক্তব্য দেন। তাদের বক্তব্যে দলের অভ্যন্তরীণ অনৈক্য ও বিভেদের বিষয় উঠে আসে। পাশাপাশি সাংগঠনিকভাবে এসব সমস্যা কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় আসে।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সদ্য সংবাদ/এসকে