দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে রাষ্ট্রীয় মালিকানাধীন ইস্টার্ন রিফাইনারির সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পে বড় ধরনের অর্থায়ন চুক্তি করেছে সরকার। প্রকল্প বাস্তবায়নে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং আইএসডিবির পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি স্বাক্ষর করেন।
প্রকল্পটি বাস্তবায়ন হলে ইস্টার্ন রিফাইনারির অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর মাধ্যমে বছরে অতিরিক্ত ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পটি শেষ হলে দেশের মোট পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পূরণে সহায়তা করবে। ২০৩০ সালের নভেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আইএসডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আইএসডিবি চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ও আইএসডিবির দীর্ঘদিনের সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্পে পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যকার সহযোগিতা আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সদ্য সংবাদ/এসএস