ঢাকাবাসী অতীতের মতো আজও তারেক রহমানের পাশে আছে: ডিএসসিসি প্রশাসক

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬ ১৭:৪৬:৩৩
সংগৃহীত

ঢাকা শহর অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পাশে ছিল, এখনও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

শুক্রবার (২৮ আগস্ট) নগরভবনে ‘৪১৬ হৃদয়ে ঢাকা’ উৎসবের অংশ হিসেবে আয়োজিত ঢাকা শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

আবদুস সালাম বলেন, শোভাযাত্রায় রাজধানীর বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শনের প্রতিকৃতি প্রদর্শনের মাধ্যমে ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এসব স্থাপনা শুধু রাজধানীর নয়, পুরো দেশের ঐতিহ্য ও গর্বের অংশ।

নতুন প্রজন্মের কাছে ঢাকার অতীত ও ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি। তার ভাষ্য, ‘এই ঢাকা আমার’-এমন অনুভূতি নিয়ে নগরকে ধারণ করতে হবে। নগরবাসী নিজেদের শহরকে আপন করে নিলে ঢাকা পরিচ্ছন্ন, সবুজ ও মশামুক্ত রাখতে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

রাজধানীর বায়ুদূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, বায়ুদূষণের কারণে ঢাকা প্রায়ই বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় উঠে আসে। এ সমস্যা মোকাবিলায় শুধু সিটি করপোরেশন নয়, নগরবাসীকেও সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জনগণের মধ্যে নগরীর প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা বাড়ানোর লক্ষ্যেই ‘৪১৬ হৃদয়ে ঢাকা’ উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

উৎসবের মূল আয়োজন এখনো সম্পন্ন হয়নি জানিয়ে আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সময় অনুযায়ী লালবাগ কেল্লায় ‘হৃদয়ে ঢাকা’ উৎসবের চূড়ান্ত আয়োজন করা হবে। সেখানে রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিশেষ করে পুরান ঢাকার আদি বাসিন্দাদের আমন্ত্রণ জানানো হবে।

এরই মধ্যে উৎসবের অংশ হিসেবে সাইকেল র‌্যালি, ম্যারাথন, নৌকাবাইচ ও চিত্রাঙ্কন উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী বছর আরও বড় পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করাতে আগামী মাস থেকে প্রতি শনিবার স্কুলশিক্ষার্থীদের ঐতিহাসিক স্থানগুলো ঘুরিয়ে দেখানোর উদ্যোগ নেওয়ার কথা জানান ডিএসসিসি প্রশাসক।

তিনি বলেন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের জন্য দুটি করে বাসের ব্যবস্থা করবে সিটি করপোরেশন। শিক্ষার্থীরা সরাসরি ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনের সুযোগ পেলে নিজেদের শহর ও ঐতিহ্য নিয়ে তাদের মধ্যে গর্ববোধ তৈরি হবে।

ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলো দেশের ইতিহাস ও মানুষের আত্মত্যাগের সাক্ষ্য বহন করে উল্লেখ করে আবদুস সালাম বলেন, ঢাকা কোনো একক সম্প্রদায়ের শহর নয়। ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতি এই নগরীর সঙ্গে গভীরভাবে যুক্ত।

নগর পরিচ্ছন্ন রাখতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে। নির্দিষ্ট ডাস্টবিন ছাড়া অন্য কোথাও বর্জ্য না ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, মানুষ নিজের ঘর যেমন পরিষ্কার রাখে, তেমনি রাজধানীর সড়ক ও জনপরিসরকেও নিজের ঘরের অংশ মনে করতে হবে। সবার সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান