আওয়ামী লীগ বর্তমানে পরিবারকেন্দ্রিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দল কারও ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে হলে দলটির ভেতর থেকেই আত্মসমালোচনা ও আত্মউপলব্ধি আসতে হবে।
দেশের একটি প্রথম সারির গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সোহেল তাজ এসব কথা বলেন।
আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দলটির কাছ থেকে তার এখন আর কোনো প্রত্যাশা নেই। তার মতে, নিজেদের ভুল ও ব্যর্থতা নিয়ে দলের ভেতরে যতক্ষণ পর্যন্ত বাস্তব উপলব্ধি তৈরি না হবে, ততক্ষণ পরিবর্তনের সম্ভাবনাও দেখা যাচ্ছে না।
সোহেল তাজ বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথ তৈরি করতে হলে অতীত কর্মকাণ্ড নিয়ে অনুশোচনা এবং আত্মসমালোচনা জরুরি। দলের ভেতরে কী ধরনের পচন ধরেছে, সেটি উপলব্ধি করে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।
আওয়ামী লীগকে ‘পচন ধরা দল’ আখ্যা দিয়ে তিনি বলেন, বর্তমানে দলটি একটি পরিবারের কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। অথচ রাজনৈতিক দলের নিজস্ব নীতি ও আদর্শ থাকার কথা। কোনো দলই কারও ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না।
মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ তুলে সোহেল তাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে এই চেতনাকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। তার ভাষ্য, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং মুক্তিযুদ্ধের প্রকৃত তাৎপর্য রক্ষার জায়গা থেকে আওয়ামী লীগ সরে গেছে।
গত ১৫ বছরে মুক্তিযুদ্ধের তাৎপর্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ জন্য আওয়ামী লীগের ভূমিকারও সমালোচনা করেন সাবেক এই প্রতিমন্ত্রী।
সোহেল তাজ আরও বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে এবং রাজনীতিতে ফিরতে চাইলে দলটিকে নিজেদের কর্মকাণ্ড নিয়ে নতুন করে ভাবতে হবে। এজন্য আত্মউপলব্ধি, আত্মসমালোচনা এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার বিকল্প নেই।
সদ্য সংবাদ/এসকে