ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি কর্মসূচি আবার চালু করা যায় কি না, তা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান।
বৈঠকে সর্বজনীন উপবৃত্তি চালু করা হলে এর আওতায় কতজন শিক্ষার্থী আসবে, সম্ভাব্য ব্যয় কত হতে পারে এবং কীভাবে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে- এসব বিষয় পর্যালোচনার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি এই উদ্যোগের শিক্ষাক্ষেত্র ও সমাজে সম্ভাব্য প্রভাবও বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার্থীদের আর্থিক সহায়তার মাধ্যমে ঝরে পড়া রোধে এর ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহ বাড়াতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়টিও উঠে আসে।
বৈঠকে এর আগে মেয়েদের জন্য চালু থাকা সর্বজনীন উপবৃত্তি কর্মসূচির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। ওই কর্মসূচির ফলে ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ানো এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছিল বলে বৈঠকে আলোচনা হয়।
এদিকে শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে বৈঠকে। বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা, খাবারের পুষ্টিমান এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়ে কোনো ধরনের আপস না করার নির্দেশ দেন। খাবার অবশ্যই পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত হতে হবে বলেও গুরুত্বারোপ করেন তিনি।
মিড-ডে মিল বাস্তবায়নে ব্যয়, ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ের অংশগ্রহণ এবং খাবারের মান নিয়ন্ত্রণের বিষয় বিবেচনায় নিয়ে দুটি বিকল্প পদ্ধতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। এসব পদ্ধতির কার্যকারিতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করতে দুটি পৃথক জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে