মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ হাইকোর্টে রায় ঘোষণা করা হবে। মামলার একমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হওয়ার পর রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।
মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
এর আগে সোমবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর অগ্রাধিকার ভিত্তিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আসামির পক্ষে আদালতে বক্তব্য তুলে ধরেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এ মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন বিচারক এম জাহিদ হাসান। একই রায়ে মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স এবং সাজাপ্রাপ্ত আসামির পক্ষ থেকে আপিল হাইকোর্টে আসে।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের মার্চে। মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও পরে ফরিদপুরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
অবস্থার অবনতি হলে আছিয়াকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি।
আছিয়ার মৃত্যু ও ধর্ষণের ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সেই মামলায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে কি না, নাকি পরিবর্তন হবে- আজকের হাইকোর্টের রায়ের মাধ্যমে তার নিষ্পত্তি হবে।
সদ্য সংবাদ/এসকে