নতুন দায়িত্ব গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেছেন সরকারের পাঁচ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) দুপুরে তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
দুপুর সোয়া ১টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।
তাদের সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে তারা মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি সম্মান জানান।
শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজেদের মন্তব্য লিখে স্বাক্ষর করেন তারা।
এদিকে নতুন দায়িত্ব পাওয়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে দেখা যায়নি।
স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তাদের কর্মসূচি শেষ হওয়ার পর দর্শনার্থীদের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ আবার খুলে দেওয়ার কথা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস