রাজস্ব ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্য ও প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে রাজস্ব প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে রাজস্ব ব্যবস্থা সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং বিভ্রান্তি দূর করা জরুরি। সরকারের কাজের ক্ষেত্রে দায়িত্ব অনুযায়ী সবাইকে নিজ নিজ ভূমিকা যথাযথভাবে পালন করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় ব্যয় কমানোর বিষয়ে সরকার কাজ করছে। তবে জনগণের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত ও গুরুত্বপূর্ণ খাতে ব্যয় অব্যাহত থাকবে।
তারেক রহমান বলেন, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে প্রশাসন ও অর্থনীতিতে কার্যকর পরিবর্তন আনা সম্ভব। এজন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং দায়িত্ব পালনে দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
সম্মেলনে দেশের রাজস্ব আদায় বাড়ানো, কর ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও কার্যকর করা এবং অর্থনীতির প্রয়োজন অনুযায়ী রাজস্বের জোগান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে রাজস্ব প্রশাসনে আধুনিকায়ন ও জনগণবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সদ্য সংবাদ/এসকে