গণ অধিকার পরিষদ (জিওপি) মাঠে টহল শুরু করলে দেশের বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের উপস্থিতি কমে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দলটির কেন্দ্রীয় নেতাদের আমির হামজাকে নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান নুরুল হক নুর। একই সঙ্গে সতর্ক করে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এর জন্য বড় ধরনের মূল্য দিতে হতে পারে।
সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে নুরুল হক নুর অভিযোগ করেন, কুষ্টিয়ায় জামায়াত নেতা মুফতি আমির হামজার লোকজন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি তাঁদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করে হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।
এ প্রসঙ্গে নুর বলেন, গণ অধিকার পরিষদ টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবিরের লোকজন সরে যেতে বাধ্য হবে। তিনি জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।
তবে সংঘাতের পরিবর্তে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার পক্ষে নিজের অবস্থানের কথাও তুলে ধরেন নুরুল হক নুর। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তিনি ঐক্য, সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার কথা জানান।
সদ্য সংবাদ/এসকে