রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলেক খানকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য।
সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক পুলিশের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। পরে তাকে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এদিন কারাগার থেকে আবুল কালাম আজাদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলাটির তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে তাকে এতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন আলেক খান। এ সময় গুলিবিদ্ধ হন তিনি। চিকিৎসা নেওয়ার পর ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন আলেক খান।
ওই মামলার তদন্তের অংশ হিসেবে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালতের আদেশের পর তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
সদ্য সংবাদ/এসএস