বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি।
সোমবার (৭ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন এ বিষয়ে রিট আবেদন করেন। তার পক্ষে আদালতে রিটটি উপস্থাপন করবেন আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমী।
রিটে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ বিষয়ে আদালতের রুল চাওয়া হয়েছে। একইসঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।
রিটটির শুনানি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হতে পারে বলে জানা গেছে।
এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
সরকারের ওই সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দল ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ থাকার কথা বলা হয়।
প্রজ্ঞাপনে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রকাশনা, গণমাধ্যমে প্রচার, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং সভা-সমাবেশ, মিছিল, সম্মেলনসহ বিভিন্ন ধরনের সাংগঠনিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এখন ওই প্রজ্ঞাপনের আইনগত বৈধতা নিয়ে হাইকোর্টে রিট হওয়ায় বিষয়টি বিচারিক পর্যালোচনার সামনে এসেছে। আদালত রিটটি গ্রহণ করে শুনানি করলে পরবর্তী নির্দেশনা ও রুলের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।
সদ্য সংবাদ/এসএস