ভারতের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতার বিকাশ বাধাগ্রস্ত করতে অর্থনৈতিক চাপের পাশাপাশি সামরিক কৌশল প্রয়োগ করছে চীন। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব সীমিত করতে চায় বেইজিং। গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় চীনের ভূমিকা এই কৌশলেরই প্রতিফলন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি বিশেষ কমিশনের সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে চীন। দেশটির উত্থান ঠেকাতে অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রে চাপ প্রয়োগ করছে বেইজিং।
‘চীনের আরেকটি রণাঙ্গন: ভারত এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক জোটের বাইরে থাকা হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে ভারত অন্যতম, যাদের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা চীনের সঙ্গে প্রতিযোগিতা করার মতো। ভারতের শক্তিশালী হয়ে ওঠা এশিয়ায় ক্ষমতার ভারসাম্য রক্ষায় যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। একই সঙ্গে চীনের সরবরাহ ও উৎপাদন ব্যবস্থার বিকল্প হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেশটি।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, চীন বিষয়টি উপলব্ধি করে বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে সক্রিয়ভাবে কাজ করছে।
মার্কিন কমিশনের মতে, ভারতকে মোকাবিলায় চীনের সবচেয়ে কার্যকর হাতিয়ার অর্থনৈতিক চাপ। গুরুত্বপূর্ণ শিল্পের কাঁচামাল, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের ওপর নিজেদের নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে ভারতের প্রতিযোগিতামূলক উৎপাদন সক্ষমতা গড়ে ওঠার পথে বাধা সৃষ্টি করছে বেইজিং।
এ উদ্দেশ্যে ভারতের জন্য গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে চীন। এর মাধ্যমে নয়াদিল্লির ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং দেশটির শিল্প ও প্রযুক্তিগত অগ্রগতি ব্যাহত করার চেষ্টা চলছে।
প্রতিবেদনে পাকিস্তানের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে গত বছরের মে মাসে অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের বিষয়টি তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং পাকিস্তানকে দীর্ঘদিন ধরে দেওয়া সমর্থনের কারণে ভারত দুই দিক থেকে সমন্বিত সামরিক হুমকির আশঙ্কায় রয়েছে। ২০২৫ সালের মে মাসের সংঘাত দেখিয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময় পাকিস্তানের সামরিক সক্ষমতা কীভাবে বাড়াতে পারে চীন।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে জম্মু ও কাশ্মীরে ২৬ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। ওই হামলার পেছনে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করে নয়াদিল্লি।
চলতি বছরের শুরুতে প্রথমবারের মতো চীন স্বীকার করে, অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানকে সরাসরি প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল তারা। মার্কিন কমিশনের প্রতিবেদনে বিষয়টিকে চীন ও পাকিস্তানের সামরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতিকে ভারতের কৌশলগত অবস্থানের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে মার্কিন কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরে সামরিক ও নৌ উপস্থিতি বাড়ানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথ এবং কৌশলগত প্রবেশপথের ওপর প্রভাব বিস্তার করতে চায় চীন। এতে এ অঞ্চলে ভারতের দীর্ঘদিনের কৌশলগত সুবিধা ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ ছাড়া অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদারত্বের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিজেদের দিকে আকৃষ্ট করছে বেইজিং। তুলনামূলক বিকল্পের অভাব এবং চীনের বিপুল আর্থিক সক্ষমতা এ ক্ষেত্রে দেশটিকে বাড়তি সুবিধা দিচ্ছে। এর ফলে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব আরও দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চীনের আঞ্চলিক প্রভাব মোকাবিলায় ভারতের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার সুপারিশ করেছে মার্কিন কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরে পানির নিচের সামরিক তৎপরতা এবং সামুদ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে ভারতের সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কাজ করার নির্দেশ দিতে পারে কংগ্রেস।
শুধু যৌথ সামরিক মহড়ার মধ্যে সহযোগিতা সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদি ও কার্যকর সামরিক সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য ও নজরদারির তথ্য বিনিময়, চীনা যুদ্ধজাহাজ ও সাবমেরিনের গতিবিধি যৌথভাবে পর্যবেক্ষণ এবং সামুদ্রিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়ানো।
এ ছাড়া দুই দেশের প্রতিরক্ষা, সরকার, ব্যবসা ও শিক্ষাঙ্গনের উদীয়মান নেতৃত্বের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে ‘ইন্দো-আমেরিকান স্ট্র্যাটেজিক লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ চালুর সুপারিশ করা হয়েছে।
মার্কিন কমিশনের এই প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় ভারতকে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করার বিষয়টি স্পষ্ট হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে বেইজিংয়ের সামরিক সহযোগিতা এবং ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য হয়ে উঠেছে।
সদ্য সংবাদ/ এরআর