চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে নতুন এক জীবনদর্শনের সন্ধান পেয়েছেন চীনের দম্পতি মোইয়ান সং ও লুওশি শু। তুরস্কের আনতালিয়া শহরে এক স্থানীয় পরিবারের সঙ্গে পরিচয়, তাদের আন্তরিক আতিথেয়তা এবং পবিত্র কোরআনের সংস্পর্শে এসে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন আট বছরের দাম্পত্য জীবনের এই দম্পতি। পরে ইসলামী বিধান অনুসারে আবারও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা।
প্রায় দুই বছর আগে বেইজিংয়ের চাকরি ছেড়ে পৃথিবীর বিভিন্ন দেশ ও সংস্কৃতি ঘুরে দেখার পরিকল্পনা করেন সং ও শু। তাঁদের এই যাত্রার শুরু হয় ইন্দোনেশিয়া দিয়ে। সেখানে মুসলমানদের অতিথিপরায়ণতা ও মানুষের প্রতি সুন্দর আচরণ তাঁদের মনে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি করে।
এরপর তুরস্কের আনতালিয়া শহরে গিয়ে তাঁদের জীবনে আসে নতুন মোড়। ঐতিহাসিক কালেইচি এলাকার একটি পার্কে অবসরপ্রাপ্ত দম্পতি আয়সেল ও আবদুর রহমান আককোজের সঙ্গে পরিচয় হয় তাঁদের। ভাষার পার্থক্য থাকলেও ইংরেজি ও অনুবাদ অ্যাপ ব্যবহার করে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয় দুই পরিবারের মধ্যে।
একপর্যায়ে তুর্কি দম্পতি তাঁদের বাড়িতে ঐতিহ্যবাহী নাশতার আমন্ত্রণ জানান। সেখানে আলাপচারিতার সময় চীনা দম্পতির ইসলাম নিয়ে আগ্রহের বিষয়টি জানতে পারেন আয়সেল। পরে তাঁদের হাতে তুলে দেন পবিত্র কোরআনের একটি কপি। ধর্মগ্রন্থটি পড়ার পর ইসলাম সম্পর্কে তাঁদের আগ্রহ আরও গভীর হয়।
পরবর্তী সময়ে চীনে ফিরে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করেন মোইয়ান সং ও লুওশি শু। তবে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তাঁরা আবারও ফিরে যান তুরস্কের আনতালিয়ায়। সেখানে আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইমামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন তাঁরা। নতুন জীবনে মোইয়ান সং নিজের নাম রাখেন মুহাম্মদ মুরাদ। আর লুওশি শু পরিচিত হন লায়লা বাতুল নামে।
শুধু ধর্মান্তরই নয়, ইসলাম গ্রহণের পর নিজেদের দাম্পত্য জীবনও নতুনভাবে শুরু করেন তাঁরা। কাজি মুহাম্মদ কুশুকের মাধ্যমে আট বছর আগের বিয়েটি ইসলামী রীতি অনুযায়ী পুনরায় সম্পন্ন হয়।
বর্তমানে ইসলাম সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন এই দম্পতি। চীনা ভাষায় অনূদিত বিভিন্ন ইসলামী বই পড়ছেন তাঁরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, ইসলাম গ্রহণের পর জীবনে মানসিক প্রশান্তি অনুভব করছেন। অন্যদিকে, তুরস্কে যে পরিবারের সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে তাঁদের জীবনে এই পরিবর্তন এসেছে, সেই পরিবারের সঙ্গেও গড়ে উঠেছে আত্মিক ও পারিবারিক সম্পর্ক।
সদ্য সংবাদ/এসএস