এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে অংশ নিতে চীনের শেনজেন শহরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তাঁকে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরকে কেন্দ্র করে শেনজেনজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি ট্রাম্পের সঙ্গে শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠক ঘিরেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ নভেম্বর) শেনজেনে অবতরণের মধ্য দিয়ে নতুন একটি নজির গড়েছেন ট্রাম্প। দায়িত্ব পালনরত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম তিনি চীনের প্রযুক্তিনগরী হিসেবে পরিচিত শহরটিতে সফর করলেন।
বিমান থেকে নামার পর ট্রাম্পকে আলিঙ্গন করে অভ্যর্থনা জানান শি জিনপিং। এ সময় তাঁর সম্মানে আয়োজন করা হয় লালগালিচা সংবর্ধনার। মার্কিন প্রেসিডেন্টের আগমন ঘিরে শহরের বিভিন্ন সড়ক ও হোটেলের আশপাশে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। ট্রাম্পের গাড়িবহর যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান অনেকে।
ট্রাম্প যে হোটেলে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে, সেটির বাইরেও উৎসুক মানুষের উপস্থিতি দেখা যায়। তবে নিরাপত্তার স্বার্থে হোটেলের প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে এবং আশপাশে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
সফর নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন স্থানীয় এক তরুণ। ট্রাম্পের হোটেলের কাছের একটি সড়কে অপেক্ষার সময় তিনি বলেন, এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের সেতুবন্ধ তৈরি হতে পারে।
প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষের শহর শেনজেনকে চীনের প্রযুক্তিগত অগ্রগতি ও অর্থনৈতিক রূপান্তরের প্রতীক হিসেবে তুলে ধরতে চান শি জিনপিং। প্রযুক্তি উদ্যোক্তা, ড্রোনের মাধ্যমে খাবার সরবরাহ এবং অত্যাধুনিক সুপারকম্পিউটারের জন্য পরিচিত শহরটি বর্তমানে দেশটির উদ্ভাবন ও শিল্প বিকাশের অন্যতম কেন্দ্র।
বিশেষজ্ঞদের মতে, শেনজেনের প্রযুক্তি খাতের সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক বিরোধেরও গভীর সম্পর্ক রয়েছে। উন্নত চিপ, কাঁচামাল এবং বড় বাজারে প্রবেশাধিকার নিয়ে দুই দেশের মতপার্থক্যের বিষয়টি ট্রাম্প ও শি জিনপিংয়ের আলোচনায় গুরুত্ব পেতে পারে।
মাত্র চার দশক আগেও শেনজেন ছিল ম্যানগ্রোভ জলাভূমি ও ছোট জনবসতিপূর্ণ এলাকা। বর্তমানে সেখানে গড়ে উঠেছে অসংখ্য সুউচ্চ ভবন ও আধুনিক প্রযুক্তি প্রতিষ্ঠান। কাউন্সিল অন ভার্টিক্যাল আরবানিজমের তথ্য অনুযায়ী, শহরটিতে নিউইয়র্কের চেয়েও বেশি আকাশচুম্বী ভবন রয়েছে; সংখ্যাটি শিকাগোর প্রায় তিন গুণ।
১৯৮০-এর দশকে চীনের তৎকালীন নেতা দেং শিয়াওপিং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শেনজেনকে মুক্তবাজার অর্থনীতির পরীক্ষামূলক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন। হংকংয়ের নিকটবর্তী অবস্থানকে কাজে লাগিয়ে শুরু হওয়া সেই পরিকল্পনাই পরবর্তী সময়ে শহরটিকে চীনের অন্যতম প্রধান প্রযুক্তি ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করেছে।
সদ্য সংবাদ/এসএস