সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টারের অফিসগুলোতে সাময়িকভাবে সরাসরি উপস্থিত হয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ভবনটির অফিসকর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রমের অংশ হিসেবে ভবনটির শপিংমল চালু রয়েছে।
রোববার থেকে কার্যকর হওয়া এই নির্দেশনার কথা ভাড়াটে প্রতিষ্ঠানগুলোকে ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে। আঞ্চলিক উত্তেজনা এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, সৌদি আরবের বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিমান ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন।
শনিবার প্রকাশিত এক নিরাপত্তা বার্তায় বলা হয়, বিমানবন্দরে হামলার আশঙ্কার পাশাপাশি আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং যাত্রাসূচিতে আকস্মিক পরিবর্তনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণে যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও বিমানবন্দরের কাছ থেকে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মার্কিন মিশনের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রয়েছে। অন্যদিকে, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম চললেও কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব এবং বাতিলের ঘটনা ঘটছে।
এ পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের মোবাইল ফোনে আসা জরুরি সতর্কবার্তার দিকে নজর রাখতে এবং দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনা ও বিমান চলাচল ঘিরে সতর্কতা জোরদার হওয়ায় দেশটিতে অবস্থানরত প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রীদের মধ্যেও উদ্বেগ তৈরি হতে পারে।
সূত্র: এএফপি
সদ্য সংবাদ/এসএস