রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত জৈব সংশ্লেষণে স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ বছরের রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করে।
নোবেল কমিটির ভাষ্য অনুযায়ী, অসমমিত জৈব সংশ্লেষণে নন-লিনিয়ার প্রভাব এবং অটোক্যাটালাইসিসের আবিষ্কারের জন্য কাগান ও সোয়াইকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
রসায়নের জটিল একটি প্রশ্নের সমাধানে তাদের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অ্যামিনো অ্যাসিডের মতো কিছু অণু দুটি ভিন্ন রূপে থাকতে পারে, যেগুলো দেখতে পরস্পরের প্রতিবিম্বের মতো। অথচ জীবদেহে এসব অণুর সাধারণত একটি নির্দিষ্ট রূপই পাওয়া যায়।
রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কেন এবং কীভাবে এই ধরনের অণুগত অসমতা তৈরি হয়- দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের কাছে বিষয়টি ছিল একটি গুরুত্বপূর্ণ রহস্য। এ সমস্যার ব্যাখ্যা খুঁজতে কাগান ও সোয়াইয়ের গবেষণা নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এই বৈজ্ঞানিক অবদানের স্বীকৃতিতেই এবারের রসায়নে নোবেল পুরস্কারের জন্য ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান ও জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াইকে নির্বাচিত করেছে নোবেল কমিটি।
সদ্য সংবাদ/এসকে