অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না করা এবং কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার না করার অভিযোগে রাজধানীর মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (৭ অক্টোবর) মতিঝিল এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ অর্থদণ্ড দেওয়া হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে হোটেলটির রান্নাঘরের পরিবেশকে অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। রান্নাঘরের মেঝে স্যাঁতসেঁতে ছিল। সেখানে ঢাকনা ছাড়া ময়লার পাত্রও রাখা অবস্থায় পাওয়া যায়।
এ ছাড়া হোটেলে লেবেলবিহীন ঘি সংরক্ষণ ও ব্যবহারের প্রমাণ মেলে। খাবার প্রস্তুতের সঙ্গে যুক্ত কর্মীদের কারও কাছেই স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি।
হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ এবং পেস্ট কন্ট্রোল বা পোকামাকড় নিয়ন্ত্রণের প্রমাণকও দেখাতে পারেনি। এসব অনিয়ম ও অপরাধের বিষয়টি স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
মোবাইল কোর্টে ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা অংশ নেন।
সদ্য সংবাদ/ এআর