ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর বসছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এবারের আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এরই মধ্যে সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমানের ব্রিকস সম্মেলনে না যাওয়ার বিষয়টি জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়নি। তিনি জানান, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মেলনে অংশ নেওয়ার প্রশ্নও আসে না বলে মন্তব্য করেন তিনি।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে ভারত গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে দিল্লির পালাম বিমানঘাঁটিতে অবতরণ করে পুতিনকে বহনকারী বিমান।
ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট। শুক্রবার দুপুরে অনুষ্ঠেয় ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ব্রিকস সম্মেলনে পুতিনের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দেবেন শি জিনপিং। বেশিরভাগ আমন্ত্রিত নেতা শনিবার ভারতে পৌঁছাবেন বলে জানা গেছে। তবে পুতিন সম্মেলনের এক দিন আগেই দিল্লিতে গেছেন।
ব্রিকসকে ঘিরে সদস্য ও অংশীদার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক ব্যবস্থায় বহুমুখী কাঠামো প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পেয়ে আসছে। জোটটির লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং বৈশ্বিক অর্থনীতিতে সম্মিলিত প্রভাব বাড়ানো।
সদ্য সংবাদ/এসএস