যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসায়িক ভিসায় গিয়ে পরে আশ্রয়ের আবেদন করা প্রায় দুই লাখ মানুষের ভিসা বাতিলের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এপির হাতে আসা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ নথি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বি-১ ও বি-২ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের একটি বড় অংশের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হবে।
বি-১ ভিসা সাধারণত ব্যবসায়িক কাজে এবং বি-২ ভিসা পর্যটন বা স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য দেওয়া হয়। এসব ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর যারা আশ্রয়ের আবেদন করেছেন, তাদের মধ্য থেকে প্রায় দুই লাখ আবেদনকারীকে এ প্রক্রিয়ার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।
পরিকল্পনাটি বাস্তবায়নে মার্কিন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে এত বিপুলসংখ্যক ভিসা বাতিলের নজির তৈরি হতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।
আশ্রয়প্রার্থীদের ভিসা বাতিলের পাশাপাশি তাদের অভিবাসন পরিস্থিতির ওপরও এর কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সদ্য সংবাদ/এসকে