বয়স বাড়ার পরও অণ্ডকোষ অপসারণের সঙ্গে আয়ু বৃদ্ধির সম্পর্ক থাকতে পারে। এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের পরিচালিত এক গবেষণায়। গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণের পর তাদের গড় আয়ু প্রায় ৩৩ শতাংশ বেড়েছে। যা জীবনের শুরুর দিকে একই অস্ত্রোপচার করা ইঁদুরের তুলনায়ও বেশি।
দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের ধারণা ছিল, অণ্ডকোষ অপসারণের মাধ্যমে আয়ু বৃদ্ধির প্রভাব পেতে হলে বয়ঃসন্ধির আগেই এ অস্ত্রোপচার করতে হবে। কিন্তু নতুন গবেষণার ফলাফল সেই ধারণায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার অ্যাট স্যান অ্যান্টোনিওর বার্ধক্যবিষয়ক গবেষক জেমস নেলসন ও তার সহকর্মীরা এ গবেষণা পরিচালনা করেন। এতে পুরুষ ইঁদুরের জীবনের তিনটি ভিন্ন পর্যায়ে অণ্ডকোষ অপসারণের প্রভাব পর্যবেক্ষণ করা হয়।
গবেষণায় ইঁদুরগুলোকে তিনটি দলে ভাগ করা হয়। প্রথম দলের অণ্ডকোষ অপসারণ করা হয় বয়ঃসন্ধির আগে, দ্বিতীয় দলের বয়ঃসন্ধির পরপরই এবং তৃতীয় দলের অস্ত্রোপচার করা হয় ২৪০ দিন বয়সে। শেষের বয়সটি মানুষের হিসাবে আনুমানিক ৩০ বছরের সমতুল্য বলে বিবেচনা করেছেন গবেষকেরা।
ফলাফলে দেখা যায়, অস্ত্রোপচার করা প্রতিটি দলের ইঁদুরই অস্ত্রোপচার না করা ইঁদুরের তুলনায় বেশি দিন বেঁচেছে। তবে প্রাপ্তবয়স্ক বয়সে অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বেড়েছে সর্বোচ্চ ৩৩ শতাংশ। বয়ঃসন্ধির আগে অস্ত্রোপচার করা ইঁদুরের ক্ষেত্রে এ বৃদ্ধির হার ১৯ শতাংশ এবং বয়ঃসন্ধির পর অস্ত্রোপচার করা ইঁদুরের ক্ষেত্রে ২৬ শতাংশ।
গবেষণার এ ফল বিজ্ঞানীদের কাছেও অপ্রত্যাশিত ছিল। বিশেষ করে বয়স বাড়ার পর অস্ত্রোপচার করলেও দীর্ঘায়ুর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব দেখা যাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
গবেষকদের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, প্রাপ্তবয়স্ক বয়সে অণ্ডকোষ অপসারণ করা ইঁদুরগুলো অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় বেঁচে ছিল। অস্ত্রোপচারের পর এক বছরেরও বেশি সময় পর্যন্ত ওই দলের কোনো ইঁদুরের মৃত্যু হয়নি। অথচ ইঁদুরের ক্ষেত্রে এ বয়সে সাধারণত মৃত্যুর ঝুঁকি বাড়তে থাকে।
তবে আয়ু বাড়লেও ইঁদুরগুলোর শারীরিক সক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতির প্রমাণ পাওয়া যায়নি। অস্ত্রোপচার করা দলগুলোর ইঁদুরের হাতের শক্তি কমেছে এবং বয়সজনিত অন্যান্য পরিবর্তনও স্বাভাবিক গতিতেই ঘটেছে। ফলে ঠিক কোন জৈবিক প্রক্রিয়ায় তাদের আয়ু বেড়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা।
গবেষকদের ধারণা, পুরুষের অণ্ডকোষ থেকে নিঃসৃত কোনো হরমোন বা জৈবিক উপাদান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এ ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনই দায়ী, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য এখনো পাওয়া যায়নি। কারণ অণ্ডকোষ অপসারণের ফলে শরীরে একাধিক পরিবর্তন ঘটে।
এর আগে ২০২৩ সালে একই গবেষক দলের একটি গবেষণায় দেখা গিয়েছিল, বয়ঃসন্ধির আগে অণ্ডকোষ অপসারণ করা পুরুষ ইঁদুরের আয়ু নারী ইঁদুরের কাছাকাছি পৌঁছায়। নতুন গবেষণায় প্রাপ্তবয়স্ক বয়সে অস্ত্রোপচারের ফলাফল যুক্ত হওয়ায় দীর্ঘায়ুর সঙ্গে অণ্ডকোষের সম্পর্ক নিয়ে গবেষণার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।
এখন গবেষকেরা ইঁদুরগুলোর মৃত্যুর কারণ এবং অণ্ডকোষ থেকে নিঃসৃত সম্ভাব্য উপাদানগুলো বিশ্লেষণের পরিকল্পনা করছেন। তাদের আশা, আয়ু বৃদ্ধির পেছনের প্রকৃত জৈবিক কারণ শনাক্ত করা গেলে ভবিষ্যতে অস্ত্রোপচার ছাড়াই একই ধরনের প্রভাব তৈরি করতে পারে এমন ওষুধ বা চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন সম্ভব হবে।
তবে গবেষণাটি এখনো ইঁদুরের ওপর সীমাবদ্ধ। মানুষের ক্ষেত্রে অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়ে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই এ ফলাফলকে মানুষের জন্য চিকিৎসা-পরামর্শ হিসেবে বিবেচনার সুযোগ নেই।
সূত্র: সায়েন্স
সদ্য সংবাদ/এসএস