দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ১০৪টি স্থাপনায় হামলার ঘটনায় কারও অর্থায়ন ছিল কি না, তা অনুসন্ধান করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেন বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। হামলার কারণে ব্যাংকটির ২৯টি শাখার কার্যক্রম গত ১০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, হামলায় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন স্থাপনার অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ অন্যান্য সম্পদের ক্ষতি হয়েছে। এসব ঘটনায় ব্যাংকটির কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ এবং নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। হামলার পেছনে অর্থায়নের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা অনুসন্ধানের পাশাপাশি সন্দেহজনক আর্থিক লেনদেন বন্ধে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে কার্যক্রম পরিচালনা করছে গ্রামীণ ব্যাংক। ব্যাংকটির সদস্যসংখ্যা ১ কোটি ৭ লাখ ৭৩ হাজারের বেশি। ব্যাংকটির মোট সঞ্চিতির পরিমাণ প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানত রয়েছে প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলেও প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিনিয়োগ করেছে ব্যাংকটি।
ব্যাংক সূত্রে জানা গেছে, শাখাগুলো বন্ধ থাকায় গ্রামীণ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে ঋণ কার্যক্রমে এর প্রভাব পড়েছে। বর্তমানে ব্যাংকটির মৌসুমি ঋণ কার্যক্রম চলমান থাকলেও বন্ধ থাকা ২৯টি শাখার গ্রাহকেরা এ সেবা নিতে পারছেন না।
প্রতি বছর ঈদুল আজহার ছয় মাস আগে গরু মোটাতাজাকরণ কর্মসূচি হাতে নেয় গ্রামীণ ব্যাংক। এ কর্মসূচির আওতায় সদস্যরা পশুপালনের জন্য ঋণ নিয়ে থাকেন। তবে শাখা বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা এ ঋণসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৯টি শাখার কার্যক্রম বন্ধ থাকায় সেসব শাখার গ্রাহকেরা ঋণসুবিধা পাচ্ছেন না। ফলে দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
সদ্য সংবাদ/ এরআর