দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয় ভট্টাচার্য

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৪:৫৫:২৩
ছবি: সংগৃহীত

ব্যবসায়িক দুর্বলতা, রাজনৈতিক অঙ্গনের দুর্নীতি কিংবা সরকারের সুশাসনের ঘাটতির বোঝা শ্রমিকদের ওপর চাপিয়ে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনীতি বর্তমানে চাপের মধ্যে রয়েছে। উদ্যোক্তাদেরও নানা ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে। তবে এসব সমস্যার কারণে শ্রমিকদের ন্যায্য পাওনা কমিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। দুর্নীতি ও অব্যবস্থাপনার দায় কার, তা নির্ধারণ করে জবাবদিহি নিশ্চিত করতে হবে সরকারকেই।

দেশের রপ্তানি খাতের কাঠামো নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাকশিল্প থেকে। একটি শিল্পের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশ অর্থনীতির বহুমুখীকরণের প্রতিশ্রুতি দিয়েছে। সেই লক্ষ্য অর্জনে পোশাকশিল্পের পাশাপাশি অন্যান্য রপ্তানিমুখী খাতকেও সমান গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, চামড়াসহ অন্যান্য রপ্তানি খাতে বন্ডেড ওয়্যারহাউস ও ব্যাক-টু-ব্যাক এলসি সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব সুবিধা কতটা কার্যকর হচ্ছে, তা পর্যালোচনা জরুরি। সব রপ্তানি খাতে সমান নীতিগত সুবিধা নিশ্চিত করা গেলে একটি শিল্পের ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব হবে।

মজুরি নির্ধারণে অঞ্চল ও কারখানার আকারভেদে পৃথক কাঠামো তৈরির প্রস্তাব নিয়েও সতর্ক করেন এই অর্থনীতিবিদ। তাঁর মতে, ঢাকার তুলনায় গাজীপুরে বাড়িভাড়ার পার্থক্য থাকায় এলাকাভিত্তিক সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু অঞ্চলভেদে আলাদা মজুরি নির্ধারণ করা হলে শ্রমিকদের এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার প্রবণতা বাড়তে পারে।

একইভাবে বড় ও ছোট কারখানার জন্য পৃথক মজুরি কাঠামো চালু করলে বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে বড় কারখানার পরিবর্তে ছোট ছোট কারখানা গড়ে তোলার প্রবণতা দেখা দিতে পারে, যা ব্যবস্থাপনা ও তদারকির ক্ষেত্রে নতুন সমস্যা সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাবের বিষয়টিও তুলে ধরেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বাজেট ঘোষণার পাঁচ মাস পার হলেও অর্থমন্ত্রী সংসদে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নিয়মিত বিবৃতি দেননি। অথচ গণঅর্থায়ন ও বাজেট ব্যবস্থাপনা-সংক্রান্ত আইনে প্রতি তিন মাস অন্তর এ ধরনের বিবৃতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

তাঁর মতে, বিনিয়োগ, বাণিজ্য, বাজেট বাস্তবায়ন ও সামগ্রিক অর্থনীতির অবস্থা সম্পর্কে সংসদে নিয়মিত তথ্য তুলে ধরা হলে ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ত। অর্থনীতির প্রকৃত চিত্র আড়ালে থাকলে সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নও কঠিন হয়ে পড়ে।

বিদেশি ক্রেতাদের ওপর দেশের অভ্যন্তরীণ দুর্বলতার দায় চাপানোরও সমালোচনা করেন তিনি। তাঁর প্রশ্ন, বাংলাদেশের অবকাঠামোগত সীমাবদ্ধতা, দুর্নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার দুর্বলতার দায় বিদেশি ক্রেতারা কেন নেবেন?

শ্রমিকদের মজুরি নির্ধারণকে শুধু মালিক ও শ্রমিকের মধ্যকার দর-কষাকষি হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে দেবপ্রিয় বলেন, এ ক্ষেত্রে চূড়ান্ত জবাবদিহি সরকারের। নির্বাচিত সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি অগ্রগতির তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে।

পোশাকশিল্পের বাইরেও শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর ভাষ্য, দেশের প্রায় ৮০ শতাংশ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত। অথচ তাঁদের মজুরি নির্ধারণ, স্বার্থ সংরক্ষণ ও অধিকার প্রতিষ্ঠার বিষয়ে কার্যকর ব্যবস্থা স্পষ্ট নয়। এসব শ্রমিকের বিষয়েও সরকারের সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন।

এ ছাড়া শ্রমিকদের মজুরি ও কর্মপরিবেশ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটিতে পর্যাপ্ত আলোচনা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সরকারের পক্ষ থেকে সমস্যার উপলব্ধি থাকলেও কার্যকর পদক্ষেপে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। তাঁর মতে, সময়মতো মজুরি নির্ধারণের উদ্যোগ না নেওয়া রাজনৈতিকভাবেও অবিবেচনাপ্রসূত।​

​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ