দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। নতুন করে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এরপর আর কোনো পরিবর্তন না হওয়ায় রোববার (২০ সেপ্টেম্বর) একই দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৩০১ টাকা বাড়িয়ে দাম করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
এর আগে গত ১২ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
বেড়েছে রুপার দামও
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ২০৭ টাকা করা হয়েছে।
বছরে ১১৬ বার স্বর্ণের দামে সমন্বয়
জুয়েলারি ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ বার দাম বাড়ানো হয়েছে এবং সমান সংখ্যক অর্থাৎ ৫৮ বার কমানো হয়েছে।
এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।
সর্বোচ্চ দাম উঠেছিল জানুয়ারিতে
দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম উঠেছিল চলতি বছরের ২৯ জানুয়ারি। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এখন পর্যন্ত এটিই দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দর।
সদ্য সংবাদ/এসকে