সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে দুলাল হোসেন রোকনি (৬০) নামের এক জামায়াত কর্মীর আকস্মিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের এসএস রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুলাল হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গোনরগাঁতী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় শহরের বানিয়াপট্টির একজন চাল ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮:১৫ মিনিটে শহরের দরগাহ রোডস্থ জেলা জামায়াত কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসএস রোডের মাহবুব শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছালে দুলাল হোসেন হঠাৎ হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতা-কর্মীরা তাকে শহরের আভিসেনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুলাল হোসেনের আকস্মিক এই মৃত্যুতে জেলা জামায়াতের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম এবং সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম।
সদ্য সংবাদ/এসকে