চট্টগ্রাম কারাগারে ‘মুক্তি বাণিজ্যের’ অভিযোগ, সিনিয়র জেল সুপার ইকবাল হোসেনের বিরুদ্ধে

সদ্য সংবাদ ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৮:০০
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আদালতের জামিন আদেশ কার্যকর করা, বন্দিদের মুক্তি, ওয়ার্ড বরাদ্দ এবং কারা হাসপাতালে সুযোগ-সুবিধা দেওয়াকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। এসব অভিযোগের বড় অংশের সঙ্গে কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেনের দায়িত্ব ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, আদালত থেকে কোনো বন্দির জামিনের আদেশ আসার পর নিয়ম অনুযায়ী জামিননামা কারাগারে পৌঁছালেও সব ক্ষেত্রে দ্রুত মুক্তি নিশ্চিত হচ্ছে না। কোথাও কোথাও দীর্ঘ সময় বন্দিকে কারাগারে রাখার পাশাপাশি অর্থের বিনিময়ে দ্রুত মুক্তির সুযোগ দেওয়ার অভিযোগও রয়েছে।

সম্প্রতি এক বন্দির জামিন কার্যকর না হওয়ার ঘটনায় আদালতের শোকজের মুখে পড়েছেন সিনিয়র জেল সুপার। চকবাজার থানার একাধিক মামলার আসামি ইলিয়াছ হোসেনকে হাইকোর্ট থেকে জামিন দেওয়ার পরও নির্ধারিত সময়ে মুক্তি না দেওয়ার অভিযোগে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার কাছে ব্যাখ্যা চায়।

আদালত-সংশ্লিষ্ট নথি অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর ইলিয়াছ হোসেন একটি মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান। তার জামিননামা ১৬ সেপ্টেম্বর দুপুরে কারাগারে পৌঁছানোর পরও পরবর্তী ২৪ ঘণ্টায় মুক্তি কার্যকর হয়নি। নতুন কোনো প্রোডাকশন ওয়ারেন্ট বা আগের কোনো কাস্টডি ওয়ারেন্ট না থাকার বিষয়টি উল্লেখ করে আদালত ১৭ সেপ্টেম্বর সিনিয়র জেল সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরে তিনি আদালতে লিখিত জবাব দিয়েছেন বলে জানা গেছে।

এর আগেও জামিনের পর বন্দি আটকে রাখার অভিযোগে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নজির রয়েছে। চলতি বছরের এপ্রিলে আইনজীবী মানশ দাস চট্টগ্রাম কারাগারের কয়েকজন কর্মকর্তাকে ‘ডিমান্ড অব জাস্টিস নোটিশ’ পাঠান। এতে মোহাম্মদ শফি নামে এক বন্দিকে আদালত থেকে জামিন পাওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে মুক্তি না দেওয়ার অভিযোগ তোলা হয়।

অভিযোগে বলা হয়, ৫ এপ্রিল বিকেলে তার জামিন বন্ড দাখিল করা হলেও পরদিন বিকেল পর্যন্ত তাকে কারাগারে রাখা হয়। এর মধ্যে নতুন একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া শুরু হয় বলে অভিযোগ করা হয়।

জামিন নিয়ে কারাগারে বিলম্বের অভিযোগের পাশাপাশি অর্থ লেনদেনের বিষয়টিও আলোচনায় এসেছে। ২০২৫ সালের নভেম্বরে অস্ত্র মামলায় তৌহিদুল ইসলাম মামুন জামিন পাওয়ার পর তাকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য অর্থ দাবি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগকারী পক্ষের দাবি, টাকা না দেওয়ায় তাকে আরও কয়েকদিন কারাগারে রাখা হয় এবং পরে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় ডেপুটি জেলার পর্যায়ের এক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগও করা হয়। একই ধরনের অভিযোগে চট্টগ্রাম কারাগারের কয়েকজন কর্মকর্তার নাম বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

কারাগারে জামিনপ্রাপ্ত বন্দিদের দ্রুত মুক্তি দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগ আরও কয়েকটি ঘটনায় সামনে এসেছে বলে দাবি অভিযোগকারীদের। কোথাও জামিননামা পৌঁছানোর অল্প সময়ের মধ্যে মুক্তি দেওয়ার বিপরীতে অর্থ লেনদেনের কথা বলা হয়েছে। আবার কোনো কোনো বন্দির বিরুদ্ধে নতুন মামলা দেওয়ার আশঙ্কা দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

কারাগারের ভেতরে বন্দিদের অবস্থান নিয়েও অভিযোগ কম নয়। সাধারণ বন্দিদের তুলনায় প্রভাবশালী ও অর্থশালী বন্দিরা তুলনামূলক ভালো ওয়ার্ডে থাকার সুযোগ পান এমন অভিযোগ করেছেন সাবেক কয়েকজন বন্দি। তাদের দাবি, আলো-বাতাস, ফ্যানসহ অপেক্ষাকৃত সুবিধাজনক ওয়ার্ড পেতে অর্থ কিংবা প্রভাব কাজে লাগানোর সুযোগ রয়েছে।

এমনকি একটি নির্দিষ্ট ওয়ার্ডকে রাজনৈতিকভাবে প্রভাবশালী বন্দিদের জন্য ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। বন্দিদের জন্য নির্ধারিত বিভিন্ন দায়িত্বশীল অবস্থান অর্থের বিনিময়ে নিয়ন্ত্রণ করা হয় বলেও অভিযোগ রয়েছে।

কারা হাসপাতালকে ঘিরেও উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে, সাধারণ চিকিৎসাসেবা পাওয়ার বাইরে অর্থের বিনিময়ে কিছু বন্দিকে হাসপাতালে থাকার সুযোগ দেওয়া হয়। সেখানে বাইরের খাবার গ্রহণ ও দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহারের মতো অতিরিক্ত সুবিধা পাওয়ার অভিযোগও করেছেন সাবেক বন্দিরা।

কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ এবং বাইরে থেকে খাবার, ওষুধ ও পোশাক পাঠানোর ব্যবস্থাতেও অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, নির্ধারিত নিয়মে সাক্ষাতের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা তৈরি হলেও অর্থ দিলে অপেক্ষার সময় কমানো কিংবা অতিরিক্ত সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়।

২০২৫ সালের নভেম্বরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আবু সাদাত মো. সায়েমের মুক্তি নিয়েও অভিযোগ ওঠে। দীর্ঘ সময় কারাগারে থাকার পর অর্থের বিনিময়ে তাকে নীরবে মুক্তি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়। ওই ঘটনার পর কারাগারের একজন ডেপুটি জেলারকে স্ট্যান্ড রিলিজ বা বদলি করা হলেও ঊর্ধ্বতন পর্যায়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন রয়েছে অভিযোগকারীদের মধ্যে।

এ ছাড়া মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের একাধিক মামলায় জামিনের পর নতুন মামলায় না জড়ানোর আশ্বাসের বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগও করা হয়েছে। রাঙ্গুনিয়ার নাসির উদ্দিন রিয়াজের ক্ষেত্রেও অর্থ লেনদেনের পর নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর অভিযোগ সামনে আসে।

অভিযোগকারীরা বলছেন, এসব ঘটনা আলাদা আলাদা কোনো অনিয়ম নয়; বরং জামিন কার্যকর থেকে শুরু করে বন্দিদের অবস্থান, চিকিৎসা, সাক্ষাৎ ও পার্সেল ব্যবস্থাপনা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অনিয়মের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

কারাগার কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠার অন্যতম কারণ হিসেবে সম্প্রতি আদালতের শোকজের ঘটনাটিকেও সামনে আনছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, আদালতের স্পষ্ট আদেশের পর কোনো বন্দির মুক্তি বিলম্বিত হলে তার প্রশাসনিক ও আইনগত কারণ যথাযথভাবে ব্যাখ্যা করা প্রয়োজন।

তবে সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। ইলিয়াছ হোসেনের মুক্তি বিলম্বিত হওয়ার বিষয়ে তার বক্তব্য, নথিপত্রের প্রক্রিয়াগত বা প্রযুক্তিগত জটিলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না বলেও তিনি জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ২০২৪ সালের ২৯ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনী জেলা কারাগারের জেল সুপার থাকা মো. ইকবাল হোসেনকে পদোন্নতি দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সিনিয়র তত্ত্বাবধায়ক হিসেবে পদায়ন করা হয়। একই বছরের নভেম্বর থেকে তিনি সেখানে দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব নেওয়ার পর তার সময়কালে জামিন কার্যকর, বন্দি মুক্তি, ওয়ার্ড বরাদ্দ, কারা হাসপাতাল, সাক্ষাৎ ও পার্সেল ব্যবস্থাকে ঘিরে একাধিক অভিযোগ সামনে আসায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ব্যবস্থাপনা ও জবাবদিহি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা