জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত জামালপুর জেলার জনপ্রতিনিধি প্রার্থীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে জামালপুর জেলা যুবশক্তি।
অনুষ্ঠানে জামালপুর জেলার বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির মনোনীত প্রার্থীদের ফুলের মালা ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত প্রার্থীরা হলেন—জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ মো. শামীম, জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী আবিদ সৌরভ, সরিষাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ আনোয়ার জাহান আকন্দ এবং বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক হোসেন মানিক।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কার্যক্রম জোরদার করতে যোগ্য ও জনসম্পৃক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ লক্ষ্যে এনসিপির মনোনীত প্রার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এ সময় জেলা যুবশক্তির আহ্বায়ক ও জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী আবিদ সৌরভ বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে আমরা তাঁদের সঙ্গে থেকে কাজ করতে চাই। জনগণের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা শুনে সেগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য। আমরা প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে গিয়ে জনবান্ধব, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন একটি সমাজ গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে জামালপুরকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তুলতে তাঁরা অঙ্গীকারবদ্ধ। রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, ক্ষমতা বা ব্যক্তিস্বার্থের জন্য নয়। জনগণের আস্থা অর্জন করে তাঁদের প্রত্যাশা পূরণে তাঁরা নিরলসভাবে কাজ করে যেতে চান।’
সদ্য সংবাদ/ এরআর