নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাতের অভিযোগের বিষয়ে গোয়েন্দা তথ্য থাকার দাবি করা হলেও গোপালগঞ্জে হামলা ও থানা জ্বালিয়ে দেওয়ার ঘটনায় গোয়েন্দা তথ্য কোথায় ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির শামসউদ্দীন। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় শহরের আলফাত স্কয়ার এলাকায় দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শামসউদ্দীন বলেন, ‘আপনারা বলেন, আপনাদের কাছে নাকি গোয়েন্দা তথ্য আছে, আমরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছি। কিন্তু গোপালগঞ্জে আক্রমণ হলো, দুটি থানা জ্বালিয়ে দেওয়া হলো; তখন আপনাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল না? কোন গোয়েন্দা প্রতিবেদন আপনারা সংগ্রহ করেন? ভাঁওতাবাজি করবেন না।’
স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘পুলিশের দুটি থানা উড়িয়ে দেওয়া হলো, আর স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর পদে আসীন। বাংলাদেশের মানুষ আপনাকে ধিক্কার জানায়। আপনার পদত্যাগ করা উচিত ছিল।’
জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে জেলা জামায়াতের আমির বলেন, ‘যখনই আপনারা বিপদে পড়েন, তখনই জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেন। আপনাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, জুলাই সনদ না মানলে আপনাদের পরিণতি কী হবে, তা ভালো করেই জানেন।’
জাতীয় সরকার গঠন নিয়ে তিনি বলেন, ‘আপনারা এখন একসঙ্গে হয়ে আন্দোলন করার আহ্বান জানাচ্ছেন। আপনারা এখন কেন আহ্বান করবেন? আমরা তো বলেছিলাম, একটি জাতীয় সরকার গঠন করার জন্য। আপনারা সে পথে যাননি। দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে আপনাদের বুক ফুলে উঠেছিল। আপনারা আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিলেন। আপনাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে, যদি গণভোট ও জুলাই সনদ না মানেন।’
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে শামসউদ্দীন বলেন, ‘এগুলো বাস্তবায়ন হলে আমরা দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে দেশ ও জাতিকে একটি সার্বভৌম রাষ্ট্র উপহার দেব।’
সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/ এরআর