শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারসংলগ্ন রাজগঞ্জ ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসে সংরক্ষিত জমিজমাসংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন নথিপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে রাজগঞ্জ ভূমি অফিসে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই অফিসের একটি কক্ষের আলমারি ও সেখানে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। বিশেষ করে জমিজমাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, ভূমি অফিসের পেছনের দিকের জানালার কাচ ভেঙে পেট্রল ও মবিল ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। তাঁদের আশঙ্কা, পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।
জমিজমাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় সেগুলোর বিকল্প ব্যবস্থা কী হবে এবং ভুক্তভোগীরা কীভাবে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, ভূমি অফিসে আগুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো দুষ্কৃতকারী এ ঘটনা ঘটিয়েছে।
সদ্য সংবাদ/ এরআর