আনন্দঘন পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম। এর আগে তিনি ফুল দিয়ে পত্রিকাটির সম্পাদক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
দৈনিক মুন্সীগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান হোসেন, পিপিএম। এ ছাড়া পত্রিকাটির উপদেষ্টা প্রফেসর বাহাউদ্দীন বাহার অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং পত্রিকাটির সংশ্লিষ্ট কর্মীরা অংশ নেন। বক্তারা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি মুন্সীগঞ্জের ইতিবাচক চিত্র তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তাঁরা পত্রিকাটির সমৃদ্ধ ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সদ্য সংবাদ/এআর