চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর, আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা আবু আহম্মদ মার্কেট এলাকার বাদামতলী শাহাব উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে বসতঘর ও আসবাবপত্রের পাশাপাশি এক ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকাও পুড়ে গেছে। আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ায় কোনো মালামাল বের করে আনা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত ছোবহানের ছোট ছেলে আকাশ বলেন, দুপুর ১২টার দিকে ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে থাকা বৈদ্যুতিক মিটার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাড়ে ১২টার দিকে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে ঘরের অধিকাংশ পুড়ে যায়।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সদ্য সংবাদ/ এআর