রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে নতুন সংযোগ। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করা মেট্রোরেলের পরিধি এবার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বাড়ানো হচ্ছে। সব প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৭ সালের জুলাইয়ে এই সম্প্রসারিত অংশে যাত্রী পরিবহন শুরু করতে চায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিকল্পনা অনুযায়ী, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নতুন অংশের দৈর্ঘ্য ১ দশমিক ১৬ কিলোমিটার। এটি যুক্ত হলে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত পুরো মেট্রোরেল পথ হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। এ রুটে মোট ১৭টি স্টেশন থাকবে।
প্রকল্পের অগ্রগতির তথ্যে দেখা যায়, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মতিঝিল-কমলাপুর অংশের মূল নির্মাণকাজের ৮৪ দশমিক ৮৫ শতাংশ শেষ হয়েছে। ইতোমধ্যে উড়ালপথ নির্মাণ এবং কমলাপুর স্টেশনের প্রধান কাঠামোর কাজ সম্পন্ন হয়েছে। রেললাইন বসানোর পরবর্তী কাজের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবকাঠামো বুঝিয়ে দেওয়া হয়েছে।
তবে অবকাঠামোগত অগ্রগতির তুলনায় বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থাপনার কাজ এখনও বাকি রয়েছে। এ অংশে অগ্রগতির হার ৫৮ শতাংশ। স্টেশনের সৌন্দর্যবর্ধন, বিদ্যুৎ সংযোগ, প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং যাত্রী চলাচলের প্রবেশ ও বের হওয়ার পথ তৈরির কাজ চলছে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে স্টেশনের বাকি স্থাপত্যকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
কর্তৃপক্ষের জন্য এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রেন চলাচলের উপযোগী সব কারিগরি ব্যবস্থা প্রস্তুত করা। এর মধ্যে রয়েছে রেললাইন স্থাপন, সংকেত নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ, স্বয়ংক্রিয় টিকিট ব্যবস্থা, প্ল্যাটফরমের নিরাপত্তা দরজা, যোগাযোগব্যবস্থা এবং লিফট-এস্কেলেটর চালু করা। এসব কাজ শেষ হওয়ার পর বিভিন্ন পরীক্ষা ও পরীক্ষামূলক ট্রেন পরিচালনার মাধ্যমে নিরাপত্তা যাচাই করা হবে। এরপরই শুরু হবে বাণিজ্যিক যাত্রী পরিবহন।
এর আগে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালুর জন্য ২০২৭ সালের জানুয়ারি এবং এপ্রিল-মে মাসের সম্ভাব্য সময়ের কথা জানানো হয়েছিল। তবে কাজের বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় প্রস্তুতি বিবেচনায় এবার জুলাই মাসকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এই সম্প্রসারণ চালু হলে রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ আরও সহজ হবে। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে কমলাপুরে আসা যাত্রীরা স্টেশন থেকেই মেট্রোরেলে উঠে উত্তরা, মিরপুর, আগারগাঁও, ফার্মগেট, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মতিঝিল এলাকায় যেতে পারবেন। অন্যদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোরেলে কমলাপুর পৌঁছে সহজেই ট্রেন ধরার সুযোগ তৈরি হবে।
কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারণ কার্যক্রম শেষ হলে রাজধানীর সড়কপথের ওপর চাপ কমানোর পাশাপাশি রেল ও নগর পরিবহনের মধ্যে সরাসরি সংযোগ স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস