জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীরকে হেনস্তার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ তিন দফা দাবি উত্থাপন করেছেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (১৯ নভেম্বর) বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীদের দাবি, গত ১৬ নভেম্বর দুপুরে নিজ বিভাগে অবস্থানকালে অধ্যাপক নিসতার জাহান কবীরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও সুমন সরদার।
বিবৃতিতে বলা হয়, ওই দিন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের অফিস কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ হোসাইনকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মারধর করে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় দুই ছাত্রদল নেতা অধ্যাপকের দিকে আঙুল তুলে তাঁকে ‘ছাত্রলীগ পালেন’ বলে ধমক দেন এবং উচ্চস্বরে বিভিন্ন কথা বলেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলেও দাবি করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা মনে করেন, বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার প্রশাসনের। কোনো কর্মচারীর কর্মকাণ্ডের দায় বিভাগের চেয়ারম্যানের ওপর চাপিয়ে তাঁকে অপমান করা গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে অধ্যাপক নিসতার জাহান কবীরের অতীত ভূমিকার কথাও তুলে ধরেন শিক্ষার্থীরা। তাঁদের ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন। শিক্ষকদের প্রোফাইল লাল করার কর্মসূচিতেও অংশ নেন তিনি। এ কারণে তৎকালীন আওয়ামীপন্থী শিক্ষকদের বিরাগভাজন হন এবং অপমানের শিকার হন। আওয়ামী লীগ সরকারের সময় ফ্যাসিবাদবিরোধী অবস্থানের কারণে ২০২৩ সালসহ বিভিন্ন সময়ে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারাও তিনি হেনস্তার শিকার হয়েছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও শিক্ষকদের মর্যাদা রক্ষার দাবি জানিয়ে শিক্ষার্থীরা তিনটি প্রস্তাব তুলে ধরেছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে, শিক্ষককে হেনস্তার ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গোপন তৎপরতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া।
সদ্য সংবাদ/এজে