শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়েনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। বিশেষ করে ছাত্রীদের বিশ্রাম, ব্যক্তিগত প্রয়োজন ও প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের। প্রায় সাড়ে আট হাজার ছাত্রীর জন্য পুরো বিশ্ববিদ্যালয়ে সাধারণ কক্ষ বা কমন রুম রয়েছে মাত্র দুটি। সেগুলোতেও জায়গা ও প্রয়োজনীয় সুবিধার ঘাটতি রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী, জবিতে ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৪৭৯ জন। শিক্ষার্থীকল্যাণ দপ্তরের তথ্য অনুসারে, তাঁদের জন্য একটি কমন রুম রয়েছে শহীদ সাজিদ ভবনে, অন্যটি বিজ্ঞান অনুষদ ভবনে। অথচ বিশ্ববিদ্যালয়ের কলা, সামাজিক বিজ্ঞান ও ভাষাশহীদ রফিক ভবনে ছাত্রীদের জন্য আলাদা কোনো সাধারণ কক্ষ নেই।
শিক্ষার্থীরা জানান, ক্লাসের বিরতিতে বিশ্রাম নেওয়া কিংবা জরুরি প্রয়োজনে কমন রুমে যেতে চাইলে অনেক সময় জায়গা পাওয়া যায় না। বিশেষ করে সকালবেলা শিক্ষার্থীদের চাপ বেশি থাকায় কক্ষগুলোতে বসার জায়গা সংকট দেখা দেয়। পাশাপাশি অপরিচ্ছন্ন ওয়াশরুম, ভাঙা আসবাব এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা না থাকায় এসব কক্ষের ব্যবহার নিয়েও অসন্তোষ রয়েছে তাঁদের।
শহীদ সাজিদ ভবনের কমন রুমটি ১৩ তলা একাডেমিক ভবনের নিচতলায় হওয়ায় ওপরের তলায় ক্লাস করা ছাত্রীদের সেখানে যেতে বাড়তি সময় ব্যয় করতে হয়। কক্ষটিতে দুটি টেবিল ও প্রায় ৮০টি চেয়ার থাকলেও এর আশপাশের পরিবেশ নিয়ে অভিযোগ রয়েছে। বারান্দায় জমে থাকা ময়লা ও স্যানিটারি ট্যাংকের কারণে দুর্গন্ধ ছড়ায়। পাশের সাতটি ওয়াশরুমের মধ্যে দুটি এখনো নির্মাণাধীন, অন্যগুলোর অবস্থাও সন্তোষজনক নয়।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হুসনে আরা বলেন, জায়গার স্বল্পতায় অনেককে গাদাগাদি করে বসতে হয়। ওয়াশরুমগুলোও নিয়মিত ব্যবহারের উপযোগী নয়। কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হয়।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাদিয়া হকের ভাষ্য, কমন রুমটি ভবনের নিচতলায় হওয়ায় অনেকের পক্ষে অল্প সময়ের বিরতিতে সেখানে যাওয়া সম্ভব হয় না। শিক্ষার্থীর তুলনায় কক্ষের আয়তনও অনেক কম।
বিজ্ঞান অনুষদ ভবনের কমন রুমেও রয়েছে একই ধরনের সীমাবদ্ধতা। সেখানে প্রায় ৫০টি চেয়ার থাকলেও কয়েকটি ভাঙা ও ব্যবহারের অনুপযোগী। পুরোনো ও ময়লাযুক্ত পর্দা এবং আসবাবের দুরবস্থার কথাও জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, ভাঙা চেয়ারের কারণে কখনো কখনো পোশাকও ছিঁড়ে যায়। কক্ষটির পাশে থাকা দুটি ওয়াশরুম নিয়েও অসন্তোষ রয়েছে।
মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজা আক্তার বলেন, শিক্ষার্থীর তুলনায় বসার জায়গা অপ্রতুল। ওয়াশরুমের অবস্থাও ভালো নয়। ফলে প্রয়োজনের সময় কমন রুম ব্যবহার করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউট পরিদর্শনে দেখা গেছে, সমাজকর্ম বিভাগ ছাড়া অন্য কোথাও ছাত্রীদের জন্য আলাদা সাধারণ কক্ষ নেই। তবে সমাজকর্ম বিভাগের কক্ষটিও বারান্দার একটি অংশে তৈরি। সেখানে একসঙ্গে পাঁচ থেকে ছয়জনের বেশি বসার সুযোগ নেই।
বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় বিভাগের নিজস্ব অর্থায়নে জায়গাটি তৈরি করা হয়েছে। এর রক্ষণাবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সরঞ্জাম ও অতিরিক্ত জনবল চাওয়া হলেও প্রয়োজন অনুযায়ী সহায়তা মেলেনি।
অন্যদিকে, ছাত্রীদের জন্য দুটি কমন রুম থাকলেও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য নির্ধারিত কোনো সাধারণ কক্ষ নেই। শিক্ষার্থীদের মতে, দীর্ঘ সময় ক্যাম্পাসে অবস্থান করতে হয় এমন ছাত্রদেরও বিশ্রাম, পোশাক পরিবর্তনসহ ব্যক্তিগত প্রয়োজনে আলাদা জায়গা প্রয়োজন।
এদিকে, কর্মজীবী ও শিক্ষার্থী মায়েদের সন্তানদের দেখাশোনার জন্য থাকা বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টারেও রয়েছে নানা সীমাবদ্ধতা। জনবল ও জায়গার সংকটের পাশাপাশি সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে। ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে সেখানে শিশুদের উপস্থিতি কমেছে। দুই বছরের কম বয়সী শিশু রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞার পর এ সংখ্যা আরও কমতে শুরু করে বলে জানিয়েছেন কর্মচারীরা। অনেক শিক্ষার্থী ডে-কেয়ার সুবিধা সম্পর্কে জানেন না, আবার কেউ কেউ সন্তানের যথাযথ যত্ন নিয়ে উদ্বেগের কারণে সন্তানকে সঙ্গে নিয়েই ক্লাস করেন।
বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ব্রেস্ট ফিডিং সেন্টার বা কর্নার চালু আছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বর্তমানে কমন রুমের এক পাশে থাকা নামাজের জায়গা প্রয়োজনে এ কাজে ব্যবহার করেন ছাত্রীরা।
সমস্যাগুলোর বিষয়ে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মাহাতি হাসান জুয়েল বলেন, পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী না থাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা কঠিন হচ্ছে। অস্থায়ী কর্মী দিয়ে কাজ চালানোর চেষ্টা করা হচ্ছে। কমন রুমের সরঞ্জাম সরবরাহ ও রক্ষণাবেক্ষণের জন্য দুজন অফিস সহকারীও দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, ওয়াশরুমের মেরামত ও প্রয়োজনীয় সরঞ্জাম কেনার বিষয়টি বাজেটের ওপর নির্ভরশীল। জরুরি ভিত্তিতে ছোটখাটো সমস্যা সমাধানে একটি তহবিল চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।
নতুন কমন রুম স্থাপনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান ক্যাম্পাসে জায়গার সংকট প্রকট। নতুন শ্রেণিকক্ষের জন্য জায়গা বরাদ্দ করাই কঠিন হয়ে পড়েছে। ফলে আপাতত নতুন ভবন বা অন্য স্থানে অতিরিক্ত কমন রুম তৈরির সুযোগ সীমিত।
উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীকল্যাণ দপ্তর ও প্রকৌশল দপ্তরের কাছ থেকে লিখিত প্রতিবেদন পাওয়ার পর সমস্যাগুলো পর্যালোচনা করা হবে। ব্রেস্ট ফিডিং ও ডে-কেয়ার সেন্টার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন কমন রুম নির্মাণ, বাজেট বরাদ্দ এবং ছাত্রদের জন্য পৃথক সাধারণ কক্ষের ব্যবস্থা করা বর্তমান বাস্তবতায় কঠিন। তারপরও সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সংখ্যা বাড়লেও তাঁদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সেবার সম্প্রসারণ ঘটেনি। ফলে বিশ্রাম, স্বাস্থ্যসেবা ও ব্যক্তিগত প্রয়োজন মেটানোর মতো মৌলিক সুবিধা পেতেও প্রতিনিয়ত বাধার মুখে পড়ছেন তাঁরা। তাঁদের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে কমন রুমগুলোর পরিবেশ ও সুযোগ-সুবিধা উন্নত করবে।
সদ্য সংবাদ/এজে