গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ভেতরে প্রবেশ করে মিছিল ও স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকে ক্যাম্পাসের বিভিন্ন অংশ ঘুরে গোল চত্বরে গিয়ে কর্মসূচি শেষ করেন তাঁরা। এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুর ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। পরে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে মিছিল নিয়ে গোল চত্বরে যান। এ সময় তাঁদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিল চলাকালে আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করেও স্লোগান দেন তাঁরা।
কর্মসূচি থেকে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি জানান। তাঁদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত হলেও এর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে আগের নাম পুনর্বহাল না করা হলে ছাত্রলীগ নিজেরাই নাম পরিবর্তনের উদ্যোগ নেবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিও তোলেন নেতাকর্মীরা। সাত দিনের মধ্যে ছবি লাগানো না হলে তাঁরা নিজেরাই তা স্থাপন করবেন বলে বক্তব্যে জানান।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির খবর পাওয়া যায়। দেশীয় অস্ত্র হাতে মিছিলের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। তবে ক্যাম্পাসের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের বাইরে অন্য কোনো বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।
এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ জানিয়েছেন অনেকে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান সৌরভ বলেন, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করায় সব সক্রিয় ছাত্রসংগঠন ও সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছেন তাঁরা। কেউ যেন উসকানিতে পা না দেন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রক্টর আরও বলেন, ঊর্ধ্বতন পর্যায় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ক্যাম্পাসে হামলার আশঙ্কা নেই। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় আলোচনার ভিত্তিতে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
সদ্য সংবাদ/এজে