সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থী ও ক্যাম্পাসে কর্মরত সংবাদকর্মীদের পেশাগত সক্ষমতা বাড়াতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। ‘তারুণ্যের ক্যানভাসে আগামীর সাংবাদিকতা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।
শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকও উপস্থিত ছিলেন।
দুই দিনের এ আয়োজনের প্রথম দিনে সংবাদ সংগ্রহ, প্রতিবেদন লেখা, ফিচার রচনা ও অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক সঞ্জয় তরফদার, প্রথম আলোর উপ-বার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান এবং দ্য ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার আহসান হাবিব।
সঞ্জয় তরফদার সংবাদ সংগ্রহ ও লেখার প্রাথমিক কৌশল এবং সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো তুলে ধরেন। কাজী আলিম-উজ-জামান ফিচারের বিষয় নির্বাচন, কাঠামো ও লেখার ধরন নিয়ে আলোচনা করেন। অন্যদিকে আহসান হাবিব অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ, তথ্যের সত্যতা যাচাই এবং প্রতিবেদন তৈরির প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও অনুষদের সীমার বাইরে গিয়ে প্রশাসনের কার্যক্রম কতটা স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে, তা জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁর মতে, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানোর পাশাপাশি সঠিক তথ্য উপস্থাপনের দক্ষতা বাড়াবে।
তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদার করতে ছয় মাস বা এক বছর পরপর এ ধরনের কর্মশালার আয়োজন করা যেতে পারে। এতে শিক্ষার্থীরা পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে যোগ্য সাংবাদিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, তারুণ্যের নতুন চিন্তা, সৃজনশীলতা ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে কাজে লাগাতে প্রয়োজন সঠিক জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা। সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের এসব বিষয়ে প্রস্তুত করাই কর্মশালার মূল লক্ষ্য।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৬ ও ৭ নভেম্বর দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক এবং সাংবাদিকতা পেশায় আগ্রহী শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
সদ্য সংবাদ/এজে