জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডের সফি মিয়ার বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
এতে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি সাতটি উপজেলা থেকে আসা দলীয় নেতাকর্মী ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। তাঁদের উপস্থিতিতে শহরের রাজপথে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সমাবেশে বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকার কথা স্মরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও তাদের সহযোগীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কর্মসূচির শেষ পর্যায়ে নেতাকর্মীরা দলীয় ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সদ্য সংবাদ/এসএস